আইনজীবী শাকিলার জামিন
সন্ত্রাস দমন আইনে করা দুই মামলায় আভিযোগ গঠন করার আগ পর্যন্ত সুপ্রিম কোর্টের আইনজীবী শাকিলা ফারজানাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেন।
শাকিলার জামিনের বিষয়ে আদেশের জন্য আজ দিন ধার্য ছিল। গত বৃহস্পতিবার এই আইনজীবীর জামিনের বিষয়ে দেওয়া রুল শুনানি শেষ হয়। এরপর আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত।
সন্ত্রাস দমন আইনে করা দুই মামলায় শাকিলাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে গত ১৩ জানুয়ারি রুল দিয়েছিলেন আদালত। দুই সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছিল। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ওই রুলের ওপর শুনানি শেষ হয়।
গত বছরের ২৮ নভেম্বর দুই মামলায় বিচারিক আদালতে শাকিলার জামিন নামঞ্জুর হয়। এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি।
জঙ্গি অর্থায়নের অভিযোগে গত ১৮ আগস্ট ঢাকা থেকে শাকিলাসহ তিন আইনজীবীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী থানায় করা দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।