আইনজীবী শাকিলার জামিন আপিল বিভাগে বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস দমন আইনে করা দুই মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী শাকিলা ফারজানাকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত। শাকিলার আইনজীবীরা বলেছেন, এতে তাঁর কারামুক্তিতে বাধা থাকল না।

শাকিলাকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা দুটি আপিলের আবেদন (লিভ টু আপিল) গতকাল রোববার খারিজ করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ। আদালতে শাকিলার পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন, এম মাহবুব উদ্দিন খোকন ও সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক।

শাকিলার জামিন প্রশ্নে দেওয়া রুল শুনানি শেষে গত ২২ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ সন্ত্রাস দমন আইনের দুই মামলায় অভিযোগ গঠনের আগ পর্যন্ত শাকিলার জামিন মঞ্জুর করেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে যায়। চেম্বার আদালত শুনানি শেষে হাইকোর্টের রায় স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান, গতকাল যার শুনানি হলো।

হামজা ব্রিগেড নামের একটি জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনার জন্য ১ কোটি ৮ লাখ টাকা জোগানোর অভিযোগে গত বছরের ১৮ আগস্ট রাতে ধানমন্ডি থেকে দুই আইনজীবী হাসানুজ্জামান ও মাহফুজ চৌধুরী এবং চট্টগ্রামের বিএনপির নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে আইনজীবী শাকিলাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হাসানুজ্জামান ও মাহফুজ গত ডিসেম্বরে জামিনে মুক্তি পেয়েছেন।