আইনজীবী শাকিলার জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শহীদ হামজা ব্রিগেড’ নামের চট্টগ্রামভিত্তিক জঙ্গি সংগঠনকে অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার আইনজীবী শাকিলা ফারজানার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদা শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি আবুল হাশেম প্রথম আলোকে বলেন, গত ১৯ ফেব্রুয়ারি হাটহাজারী থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আইনজীবী শাকিলা ফারজানার জামিন আবেদন করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। পরে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
শাকিলার আইনজীবী আবদুস সাত্তার বলেন, শাকিলা অসুস্থ এবং জামিনে গিয়ে পালিয়ে যাবেন না, এটি জানিয়ে আদালতে আবেদন করা হয়। আদালত তা নামঞ্জুর করায় উচ্চ আদালতে আবেদন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
গত ১৮ আগস্ট ঢাকা থেকে শাকিলাসহ তিন আইনজীবীকে জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার করে র্যাব-৭। পরে তাঁদের বাঁশখালী ও হাটহাজারী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাঁরা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন।