আইনজীবী শাকিলার জামিন ২০ মার্চ পর্যন্ত স্থগিত
সন্ত্রাস দমন আইনে করা দুই মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী শাকিলা ফারজানাকে হাইকোর্টের দেওয়া জামিন আগামী ২০ মার্চ পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ।
আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে শাকিলার পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন সগীর হোসেন। পরে সগীর হোসেন প্রথম আলোকে আদালতের আদেশের বিষয়টি জানান।
বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শাকিলাকে জামিন দিয়েছিলেন। সন্ত্রাস দমন আইনের দুই মামলায় অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত তাঁকে ওই জামিন দেন হাইকোর্ট। শাকিলাকে হাইকোর্টের দেওয়া ওই জামিন পরে স্থগিত করেন চেম্বার আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে চেম্বার আদালত ওই আদেশ দেন।
চেম্বার আদালত ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত শাকিলার জামিন স্থগিত করেছিলেন। এদিন (আজ) আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আবেদনটির ওপর শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছিল। আজ শুনানি শেষে শাকিলাকে হাইকোর্টের দেওয়া জামিন আগামী ২০ মার্চ পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ।
সন্ত্রাস দমন আইনে করা দুই মামলায় শাকিলাকে কেন জামিন দেওয়া হবে না—তা জানতে চেয়ে গত ১৩ জানুয়ারি রুল দিয়েছিলেন হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছিল। এর ধারাবাহিকতায় ১৮ ফেব্রুয়ারি রুলের ওপর শুনানি শেষে হয়।
গত বছরের ২৮ নভেম্বর দুই মামলায় বিচারিক আদালতে শাকিলার জামিন নামঞ্জুর হয়। এরপর হাইকোর্টে তিনি জামিনের আবেদন করেন।
জঙ্গি অর্থায়নের অভিযোগে গত বছরের ১৮ আগস্ট ঢাকা থেকে শাকিলাসহ তিন আইনজীবীকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাঁদের চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী থানায় করা দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।