চট্টগ্রামের বাঁশখালীর লটমণি পাহাড়ে ‘জঙ্গি প্রশিক্ষণকেন্দ্র’ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী শাকিলা ফারজানাসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে র্যাব। গতকাল রোববার দুপুরে বাঁশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সাজ্জাদ হোসেনের আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-৭-এর সহকারী পরিচালক রুহুল আমিন।
তদন্ত কর্মকর্তা রুহুল আমিন গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেড’কে অর্থায়ন এবং নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করেছিলেন আসামিরা। অভিযোগপত্রে তিন আইনজীবীসহ ২৮ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সাতজন পলাতক রয়েছেন। জামিনে মুক্ত আছেন দুই আইনজীবী মাহফুজ চৌধুরী ও হাছানুজ্জামান।
গত বছরের ২১ ফেব্রুয়ারি বাঁশখালী উপজেলার পূর্ব সাধনপুর ইউনিয়নের লটমণি পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণকেন্দ্রের সন্ধান পাওয়ার কথা জানায় র্যাব। সেখান থেকে বিভিন্ন ধরনের অস্ত্র, প্রশিক্ষণ উপকরণসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনে বাঁশখালী থানায় পৃথক দুটি মামলা করে। এর প্রায় দেড় মাস পর ১৩ এপ্রিল চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব-৭ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, লটমণি পাহাড়ে প্রশিক্ষণ নেওয়া জঙ্গিরা চট্টগ্রামভিত্তিক নতুন জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা বি৶গেডের’ সদস্য।
তদন্তের একপর্যায়ে গত বছরের ১৮ আগস্ট হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় শাকিলা ফারজানাসহ তিন আইনজীবীকে। শাকিলা বিএনপির সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক।
র্যাবের সহকারী পরিচালক রুহুল আমিন বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্ত করতে গিয়ে হামজা ব্রিগেডের প্রধান বিদেশি নাগরিক আল্লামা লিভদিসহ আরও ৪২ জনের জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছেন তিনি। তাঁদের নাম জানতে পারলেও পূর্ণাঙ্গ ঠিকানা পাননি। এ কারণে অভিযোগপত্রে তাঁদের আসামি করা হয়নি। পূর্ণাঙ্গ ঠিকানা পেলে তাঁদের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে। আল্লামা লিভদি বাহরাইনের নাগরিক হতে পারেন বলে তিনি জানান।
তদন্ত কর্মকর্তা বলেন, ২৮ আসামির মধ্যে কারাগারে আছেন মোবাশ্বের হোসেন, আবদুল খালেক, আমিনুল ইসলাম, হাবিবুর রহমান, আমির হোসেন, আজিজুল হক, আশরাফ আলী, মুনিরুজ্জামান ওরফে ডন, আবদুল্লাহ-১, নাছির হোসেন, রাকিব হাসান, শামসুদ্দিন, মোজাহের মিয়া, সাব্বির আহমেদ, কামাল উদ্দিন, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, শাকিলা ফারজানা, এনামুল হক। পলাতক সাত আসামি হলেন মোবারক আলী, আবদুল্লাহ, আবু সাঈয়েদ, মাসুদ রানা, আ ক ম মঞ্জুর এলাহী, নুরুল আবসার ও মাহমুদুল হাসান।
অভিযোগপত্রের বিষয়ে বাঁশখালী আদালতের সরকারি কৌঁসুলি বিকাশ রঞ্জন ধর প্রথম আলোকে বলেন, অভিযোগপত্রটি গ্রহণের শুনানির বিষয়ে তারিখ নির্ধারণ করা হয়নি।
এর আগে গত বুধবার চট্টগ্রামের হালিশহর থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হামজা ব্রিগেডের ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় র্যাব।
তিন আইনজীবীকে অভিযোগপত্রে আসামি করার বিষয়ে জানতে চাইলে র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জঙ্গি অর্থায়নের জন্য মুনিরুজ্জামান ওরফে ডনের তিনটি ব্যাংক হিসাব নম্বরে আইনজীবী শাকিলা ফারজানা দুই দফায় ২৫ লাখ ও ২৭ লাখ টাকা, হাছানুজ্জামান দুই দফায় ১৫ লাখ ও ১৬ লাখ টাকা, মাহফুজ চৌধুরী ২৫ লাখ টাকা এবং ব্যবসায়ী এনামুল হক ১৬ লাখ টাকা জমা দেন। এতেই বোঝা যায়, তিন আইনজীবী ও এক ব্যবসায়ী জঙ্গি অর্থায়ন করেছিলেন। মুনিরুজ্জামান বাঁশখালীর লটমণি পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলেন।
গত বছরের আগস্টে গ্রেপ্তার হওয়ার পর তিন আইনজীবীর পক্ষে চট্টগ্রাম আদালতে মামলা পরিচালনা করেন আইনজীবী আবদুস সাত্তার। তখন সাংবাদিকদের কাছে তিনি দাবি করেছিলেন, মামলা পরিচালনা করার জন্য ওসমান আমিন নামের এক ব্যক্তি তিন আইনজীবীকে টাকা দিয়েছিলেন। মামলা পরিচালনা না করায় ওই ব্যক্তির টাকা ফেরত দেওয়া হয়। ওই ব্যক্তির কথা অনুযায়ী তিনটি হিসাব নম্বরে টাকা ফেরত দেন তিন আইনজীবী। কিন্তু হিসাব নম্বরগুলো কোনো জঙ্গির ছিল কি না, তা তাঁদের জানা ছিল না।