আইনজীবী শাকিলাসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
চট্টগ্রামের বাঁশখালীতে জঙ্গি আস্তানা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আইনজীবী শাকিলা ফারজানাসহ ২৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে র্যাব।
আজ রোববার দুপুরে বাঁশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে এই অভিযোগপত্র জমা দেন সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার রুহুল আমিন।
পরে রুহুল আমিন প্রথম আলোকে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের ওই মামলায় আইনজীবী শাকিলা ফারজানা, মো. হাছানুজ্জামান ও মাহফুজ চৌধুরীসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। ২৮ আসামির মধ্যে সাতজন পলাতক।
গত বছরের ফেব্রুয়ারিতে বাঁশখালীর লটমণি পাহাড়ে ‘জঙ্গি আস্তানার’ সন্ধান পায় র্যাব। সেখানে র্যাব অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরে বিভিন্ন স্থান থেকে বাকিদের গ্রেপ্তার করা হয়।