আইনজীবী শাকিলাসহ ৩৩জনের বিরুদ্ধে অভিযোগপত্র
‘শহীদ হামজা ব্রিগেড’ নামের চট্টগ্রামভিত্তিক জঙ্গি সংগঠনকে অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার আইনজীবী শাকিলা ফারজানাসহ ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে র্যাব। আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মুন্সী মো. মশিয়ার রহমানের আদালতে এ অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-৭-এর সহকারী পরিচালক রুহুল আমিন।
বাঁশখালী থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের আরেকটি মামলায় গত ২০ মার্চ আইনজীবী শাকিলাসহ ২৮জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
র্যাব-৭ এর চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থায়ন ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করেছিলেন আসামিরা। অভিযোগপত্রে আইনজীবী শাকিলার পাশাপাশি মো. হাসানুজ্জামান ও মাহফুজ চৌধুরীসহ ৩৩ জনকে আসামি করা হয়। পরের দুই আইনজীবী বর্তমানে জামিনে আছেন। সাক্ষী রাখা হয়েছে ৮৩ জনকে। নাম পাওয়া গেলেও পূর্ণাঙ্গ ঠিকানা না পাওয়ায় ৫৩ জনকে আসামি করা যায়নি।
গত বছরের ১৯ ফেব্রুয়ারি হাটহাজারী উপজেলার পৌর সদরে একটি ছোট মাদ্রাসায় অভিযান চালিয়ে তাত্ত্বিক প্রশিক্ষণকালে জঙ্গি সন্দেহে ১২ জনকে আটক করে র্যাব। এ ঘটনায় হাটহাজারী থানায় মামলা করা হয়। ২১ ফেব্রুয়ারি বাঁশখালীর লটমনি পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণকেন্দ্রের সন্ধান পায় র্যাব। ওই সময় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনে বাঁশখালী থানায় দুটি মামলা করে র্যাব। জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করে তাদের অর্থের জোগানদাতা হিসেবে তিন আইনজীবীর নাম পাওয়া গেলে ১৮ আগস্ট তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৯ আগস্ট র্যাব সংবাদ সম্মেলনে দাবি করে, মো. মনিরুজ্জামানসহ কয়েকজন জঙ্গির স্বীকারোক্তিতে অর্থের জোগানদাতা হিসেবে তিন আইনজীবীর নাম এসেছে। আদালতের নির্দেশনা ও বাংলাদেশ ব্যাংকের সহায়তায় বিভিন্ন ব্যাংক হিসাব পর্যালোচনা করে দেখা যায়, ‘শহীদ হামজা ব্রিগেড’-এর জন্য সংগৃহীত ১ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকার মধ্যে তিন আইনজীবী ১ কোটি ৮ লাখ টাকা দিয়েছেন। এ ছাড়া অর্থের জোগানদাতা হিসেবে দুবাইয়ের নাগরিক আল্লামা লিবদির নাম জানা গেছে।
র্যাবের দাবি, ব্যারিস্টার শাকিলা দুই দফায় ২৫ লাখ ও ২৭ লাখ করে ৫২ লাখ টাকা, আইনজীবী মো. হাছানুজ্জামান ৩১ লাখ এবং মাহফুজ চৌধুরী ২৫ লাখ টাকা দিয়েছেন জঙ্গিদের।