আইনজীবী সমিতির টাকা আত্মসাৎ হিসাবরক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী আইনজীবী সমিতির প্রায় ২৬ লাখ টাকা আত্মসাতের মামলায় সমিতির হিসাবরক্ষক মোজাক্কের আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে সমিতির কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে ওই মামলার অপর আসামি ও কার্যালয় সহকারী (পিয়ন) আল আমিন পলাতক।
গত শুক্রবার রাতে সমিতির সাধারণ সম্পাদক মাইনুল আহসান বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে নগরের রাজপাড়া থানায় মামলাটি দায়ের করেন। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল ইসলাম জানান, আইনজীবী সমিতির টাকা আত্মসাতের ঘটনায় শুক্রবার রাতে মামলা হয়েছে। গতকাল মোজাক্কেরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে আল আমিন পলাতক।
পুলিশ ও সমিতি সূত্রে জানা গেছে, আইনজীবী সমিতির হিসাবরক্ষক ও কার্যালয় সহকারী কয়েক মাস ধরে সমিতির প্রতিদিনের আয়কৃত টাকা ব্যাংকে জমা না করে আত্মসাৎ করেছেন। এই টাকার পরিমাণ প্রায় ২৫ লাখ ৮৩ হাজার টাকা। সম্প্রতি ঘটনাটি ফাঁস হলে কার্যনির্বাহী কমিটি তদন্ত শুরু করে। তদন্তে তাঁদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে মামলা দায়ের করা হয়।