আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন খানকে একটি মামলায় গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।মুঠোফোনে হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গতকাল রোববার বিচারিক হাকিম তাওহীদা আক্তার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সালাউদ্দিন খানের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিছুক্ষণের মধ্যে বিকেল সাড়ে তিনটার দিকে আদালত থেকে বাড়ি যাওয়ার পথে পুলিশ সালাউদ্দিনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর গতকাল বিকেলের মধ্যেই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। সালাউদ্দিন খানের অনুসারী আইনজীবীরা জানান, বিচারিক হাকিম তাওহীদার বিরুদ্ধে সালাউদ্দিন খান বিভিন্ন মামলায় ঘুষ গ্রহণের অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। মুঠোফোনে এ নিয়ে গত ১৫ আগস্ট তাঁর সঙ্গে বিচারিক হাকিম তাওহীদার কথা-কাটাকাটি হয়। এর পর থেকে তিনি তাওহীদার অপসারণ দাবি করে আইনজীবী সমিতি বরাবরে আবেদনসহ তাঁর অনুসারীদের নিয়ে সভা-সমাবেশ করে আসছিলেন। এদিকে, গতকাল সালাউদ্দিন খানের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলে মামলা করেন তাওহীদা আক্তার।