আইনজীবী হতে পরীক্ষায় অংশ নিতে করা রিট খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তি পরীক্ষায় অংশ নিতে প্রবেশপত্র প্রদানের নির্দেশনা চেয়ে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ক্যাম্পাসের সনদধারীদের করা পৃথক রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি কাজী রেজা-উল হক সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন।

আইন বিষয়ে ডিগ্রি লাভের পর আইন পেশায় যোগ দেওয়ার জন্য বার কাউন্সিলে এনরোলমেন্ট (অন্তর্ভুক্তি) পরীক্ষা দিতে হয়। এতে উত্তীর্ণ শিক্ষার্থীরা আইনজীবী হিসেবে সনদ পান। আগামীকাল শুক্রবার নৈর্ব্যক্তিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। এদিকে প্রবেশপত্র না পেয়ে ১ সেপ্টেম্বর থেকে কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের আইনে সনদধারীরা। ধানমন্ডির দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ নাজমুল আহসান ক্যাম্পাসের শিক্ষার্থীদের ওই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ চেয়ে ২ সেপ্টেম্বর রিট করেন। হাইকোর্টের দ্বৈত বেঞ্চের এক বিচারপতি রিটটি শুনতে বিব্রতবোধ করেন।
আদালত সূত্র জানায়, এরপর বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। প্রধান বিচারপতি পরে ওই বেঞ্চে শুনানির জন্য রিটটি পাঠান। বিশ্ববিদ্যালয়ের সদনধারী পরীক্ষার্থীরা পৃথক রিট করেন।
আদালতে রিটের পক্ষে আইনজীবী রফিক-উল হক, খুরশীদ আলম খান, হোসনে আরা বেগম, রুহুল কুদ্দুস কাজল, জাফরুল্লা চৌধুরী মামলা পরিচালনা করেন। বার কাউন্সিলের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আমাতুন করিম। পরে মুরাদ রেজা প্রথম আলো ডটকমকে বলেন, ২০১৩ সালের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র প্রদানে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি ক্যাম্পাস ও বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থী-কর্মকর্তারা পৃথক নয়টি রিট করেন। শুনানির শেষে আদালত তা সরাসরি খারিজ করে দেন। ফলে দারুল ইহসানের পরীক্ষার্থীদের প্রবেশপত্র ইস্যু করতে বার কাউন্সিলের আইনগত বাধ্যবাধকতা থাকছে না। ওই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদের বাদ দিয়ে আগামীকাল পরীক্ষা অনুষ্ঠানে আইনগত আর কোনো বাধা রইল না।
কাউন্সিলের তথ্য কর্মকর্তা নাজমুল আহসান প্রথম আলো ডটকমকে বলেন, এর আগে দারুল ইহসানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়টির সনদের ধরন ভিন্ন হওয়ায় বার কাউন্সিলের পক্ষ থেকে এবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে কোন কোন ক্যাম্পাসের অনুমোদন রয়েছে, তা জানতে চাওয়া হয়। তবে এ বিষয়ে ইউজিসির জবাব না পাওয়ায় বার কাউন্সিল সিদ্ধান্ত নিতে পারেনি। এর ফলে ওই বিশ্ববিদ্যালয়ের সনদধারীদের প্রবেশপত্র ইস্যু স্থগিত রাখা হয়।