আইনজীবী হত্যা মামলায় ১৮ জনকে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দাকোপ উপজেলার লাউডোব গ্রামের আইনজীবী দুর্গাপদ মণ্ডল হত্যা মামলার রায়ে ১৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন খুলনার বিভাগীয় বিশেষ জজ আদালত।

আজ বুধবার দুপুরের বিশেষ জজ আদালতের বিচারক মদীনা বেগম এ রায় দেন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের দণ্ডাদেশ দেওয়া হয়। অভিযুক্তদের মধ্যে একজন পলাতক এ ছাড়া একজনকে খালাস দেওয়া হয়েছে।
সাজা পাওয়া ব্যক্তিরা হলেন সুনীল বৈদ্য, সুভাষ মণ্ডল, অরুণ বিশ্বাস, অমর সরদার, বাসুদেব সরকার, নৃপেন বিশ্বাস, বিনয় সরদার, জয়ন্ত সরদার, তাপস বিশ্বাস, বীরেন্দ্র নাথ ওরফে গিরেন্দ্র নাথ বিশ্বাস, পুলিন বিশ্বাস, মাধব বিশ্বাস, ভোলা সরদার, গোবিন্দ বিশ্বাস, সুধাংশু মণ্ডল, বিধান মণ্ডল, দীপক সরদার ও আবদুল মজিদ। দীপক সরদার নামের একজন উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক। এ ছাড়া উত্তম সরকার নামের একজনকে খালাস দিয়েছেন আদালত।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০০ সালের ২১ জুলাই দাকোপের লাউডোবে কৃষিকাজ পরিদর্শন করছিলেন খুলনা জেলা জজ আদালতের আইনজীবী দুর্গাপদ মণ্ডল। এ সময় সন্ত্রাসীরা তাঁর ওপর লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। এরপর কুপিয়ে ও পিটিয়ে তাঁকে জখম করে। এলাকাবাসী উদ্ধার করে তাঁকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ওই দিনই রাত দেড়টার দিকে তাঁকে খুলনা শহরে একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় ২৪ জুলাই দুর্গাপদ মণ্ডল মারা যান। ২১ জুলাই পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৪০ জনের নামে দাকোপ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
মামলার তদন্ত শেষে দাকোপ থানার উপপরিদর্শক (এসআই) চৌধুরী আহাদুজ্জামান ২০০৫ সালের ৬ নভেম্বর ২১ জনের নামে অভিযোগপত্র দাখিল করেন। এর মধ্যে দুজন মারা গেছেন।
রাষ্ট্রপক্ষে আইনজীবী ফরিদ আহম্মেদ মামলা পরিচালনা করেন। আসামি পক্ষে ছিলেন আইনজীবী মোস্তফা ইউনুস।
রায়ের প্রতিক্রিয়ায় নিহতের স্ত্রী ইভা রানী মণ্ডল বলেন, ‘যদি প্রধান আসামি দীপক সরদারের ফাঁসি হতো, তবে খুশি হতাম। সে জামিন নিয়ে ভারতে পালিয়ে গেছে। তার নেতৃত্বে আমার স্বামীকে হত্যা করা হয়।’
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ফরিদ আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘হত্যা মামলার স্বাভাবিক রায় হলো মৃত্যুদণ্ড। অনেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণও ছিল। কিন্তু আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তবে আদালতের রায় মেনে নিয়ে আমরা সন্তুষ্ট।’
ফরিদ আহম্মেদ আরও বলেন, এই মামলার সবচেয়ে বড় দিক ছিল দুর্গাপদ মণ্ডল নিজেই এই মামলার বাদী ছিলেন। তিনি চিকিত্সাধীন অবস্থায় প্রাথমিক তথ্য বিবরণী দিয়ে গেছেন। মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে এটি গণ্য হয়েছে।