আইনজীবী হত্যা, সাত ছিনতাইকারীর যাবজ্জীবন
আইনজীবী এমদাদুল হক হত্যা মামলায় সাতজন ছিনতাইকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল ৪-এর বিচারক এ বি এম নিজামুল হক রায় ঘোষণা করেন। একই সঙ্গে ট্রাইব্যুনাল প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করেন। রায়ে বলা হয়, জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে আসামিদের আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বেলায়েত কাজী, বিল্লাল হোসেন, মোহাম্মদ ইস্রাফিল, মোহাম্মদ মিজান, মনির হোসেন, ইব্রাহিম ও রোমান্স হাওলাদার। তাঁদের মধ্যে আসামি বিল্লাল হোসেন কারাগারে আটক আছেন। বাকিরা জামিনে ছাড়া পেয়ে পরে পালিয়ে গেছেন।
২০০৬ সালের ২৮ এপ্রিল একটি ট্যাক্সিক্যাবে করে শেরেবাংলা নগর যাওয়ার সময় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে সাত ছিনতাইকারী আইনজীবী এমদাদুল হকের পথরোধ করে। ছিনতাইয়ে বাধা দিলে গলায় গামছা প্যাঁচিয়ে তাঁকে শ্বাসরুদ্ধ করে ফেলে রেখে যায়। এ ঘটনায় পরদিন এমদাদুল হকের ছোট ভাই রফিকুল ইসলাম তালুকদার মামলা করেন। ২০০৮ সালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সাতজনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দেয়। রাষ্ট্রপক্ষ ২৩ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ সরকারি কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম।