আইনজীবী হত্যার দায়ে গাজীপুরে ৫ জনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে শিক্ষানবিশ আইনজীবী ফিরোজ্জামান সোহেল হত্যার দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে এলাহী ভূঁইয়া এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন গাজীপুরের মধ্য ছায়াবীথি এলাকার বাসিন্দা আমেনা বেগম, তাঁর ছেলে সজল, মো. তিথি ও মো. বাপ্পি এবং কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের বাদল। রায় ঘোষণার সময় তিথি ও বাদল উপস্থিত ছিলেন। আমেনা বেগম, সজল ও বাপ্পি পলাতক রয়েছেন। আদালত মৃত্যুদণ্ডের পাশাপাশি সব আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।
গাজীপুর আদালতের পরিদর্শক রবিউল ইসলাম, ফিরোজ্জামান সোহেলের পরিবার গাজীপুর জেলা শহরের রথখোলা এলাকায় ভাড়া থাকতেন। ২০০৬ সালে শত্রুতার জেরে তাঁর ছোট ভাই মাসুম পারভেজকে কুপিয়ে আহত করেন আমেনার ছেলে তিথি। এ ঘটনায় সোহেলের বাবা সোহরাব উদ্দীন ভান্ডারি জয়দেবপুর থানায় একটি মামলা করেন।
ওই মামলায় তিথি গ্রেপ্তার হন এবং পরে জামিনে মুক্তি পান। মুক্তি পেয়ে তিনি মামলা প্রত্যাহারের জন্য সোহলের পরিবারকে বিভিন্ন রকমের হুমকি দিতে থাকেন। একপর্যায়ে তিথির মা আমেনা বেগম বিষয়টি মীমাংসার প্রস্তাব দিয়ে মুঠোফোনে সোহেলকে তাঁদের বাসায় ডেকে আনেন ২০০৮ সালের ৯ মার্চ সন্ধ্যায়। সেখানে গেলে আমেনা ও তাঁর ছেলেরা মিলে সোহেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর তিনি মারা যান। পরে এ ব্যাপারে সোহেলের বাবা বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত তিন-চারজনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা করেন।