আইনজীবীকে আসামি করার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আবু বক্কর হত্যা মামলায় এক আইনজীবীকে আসামি করার প্রতিবাদ জানিয়েছে অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন। গতকাল বুধবার চকরিয়া অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।
এর আগে গত মঙ্গলবার রাতে ৩৬ জনের বিরুদ্ধে মামলা করেন নিহত আবু বক্করের স্ত্রী সোনিয়া আকতার। মামলায় চকরিয়া অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের সদস্য আনোয়ারুল ইসলাম সিকদারকে আসামি করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের সভাপতি শহীদুল্লাহ চৌধুরী বলেন, গত ২৩ ডিসেম্বর যুবলীগের নেতা আবু বক্করকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি আরও বলেন, গত ৩ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন আনোয়ারুল ইসলাম সিকদার। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের নেতা ও বর্তমান চেয়ারম্যান আজিমুল হকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন আনোয়ারুল। এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন বর্তমান চেয়ারম্যান। তাঁর ইন্ধনেই মামলায় আনোয়ারুলকে আসামি করা হয়।
তবে সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক অভিযোগ অস্বীকার করেন।