সিলেটে ‘নিখোঁজ’ আইনজীবী শামসুল ইসলাম চৌধুরীকে ইনজেকশন দিয়ে অবচেতন করে সুরমা নদীতে ফেলে হত্যা করা হয়। নদীতে ফেলার সময় তিনি অবচেতন ছিলেন। এ সময় নড়াচড়া করে উঠলে তাঁর ছেলে মুন্না তখন লাথি মেরে অবচেতন দেহ পানিতে ডুবিয়ে মৃত্যু নিশ্চিত করেন।গতকাল রোববার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে গ্রেপ্তার হওয়া দুই আসামি প্রত্যক্ষদর্শী আনসার আলী ও গাড়িচালক বোরহানউদ্দিন ঘটনার বর্ণনা দেন। জ্যেষ্ঠ হাকিম এনায়েত কবির সরকার দুজনের বর্ণনা ১৬৪ ধারায় জবানবন্দি হিসেবে লিপিবদ্ধ করেন।জবানবন্দিতে আনসার ও বোরহান জানান, পূর্বপরিচিত থাকায় আইনজীবীর ছোট ছেলে মাসউদ আহমদ চৌধুরী মুন্না তাঁদের দুজনকে বাসায় ডেকে নেন। প্রথমে তিনি তাঁর বাবাকে একটি ইনজেকশন দেওয়ার জন্য তাঁদের সহযোগিতা চান। ইনজেকশন দেওয়ার পর তাঁর বাবা অবচেতন হয়ে গেলে আনসার ও বোরহান দুজনেই ভয় পেয়ে চলে যেতে চান। এ সময় মুন্না তাঁদের উল্টো ভয়ভীতি দেখানোয় তাঁরা দুজন সঙ্গে থাকতে বাধ্য হন।জবানবন্দিতে দুজন জানান, ১৭ জুলাই রাত প্রায় ১০টায় মীরবক্সটুলার ওই বাসায় মুন্না তাঁদের খবর দিয়ে নিয়ে যান। পরে ইনজেকশন দেওয়ার পর অবচেতন বাবাকে নিয়ে ছাতকের উদ্দেশে রওনা হন তাঁরা। বোরহান গাড়ি চালান আর আনসার গাড়ির পেছনের আসনে বসেন। মুন্না তাঁর বাবাকে নিয়ে এমনভাবে বসে থাকেন, যাতে কেউ সন্দেহ করতে না পারে।