আইনজীবীকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহ শহরের পার্কপাড়ায় গতকাল শনিবার সকালে আনোয়ার হোসেন (৪৫) নামে একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সকাল সাড়ে ছয়টার দিকে নিজ বাড়ির সামনেই তিনি খুন হন। আনোয়ার হোসেন ঝিনাইদহ জজ আদালতের আইনজীবী। জমি নিয়ে বিরোধের জের ধরে দুই ভাই এবং ভাতিজার হাতে তিনি খুন হয়েছেন বলে আনোয়ারের স্ত্রীর অভিযোগ। আনোয়ারের পরিবারের লোকজন জানান, সকাল সাড়ে ছয়টার দিকে আনোয়ার হোসেন গ্রামের বাড়ি ভুটিয়ারগাতিতে যাওয়ার জন্য মোটরসাইকেলে ওঠার পর তাঁর দুই ভাই আক্তার হোসেন ও আমিনুল ইসলাম এবং ভাতিজা বিপ্লব হোসেন তাঁকে ঘিরে ধরেন। তাঁরা তাঁকে রড দিয়ে পেটান এবং কুড়াল দিয়ে মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের এক বোন নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁদের ফুপু আশরাফুন্নেছা ২০ শতক জমি তাঁর ভাই আনোয়ারের কাছে বিক্রি করেছেন। তবে আমিনুল ইসলাম দাবি করছেন, তাঁর ফুফু ওই জমি তাঁর কাছে বিক্রি করেছেন। এ নিয়ে আনোয়ার হোসেনের সঙ্গে আমিনুল ইসলাম ও আক্তার হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলাও হয়েছে। আনোয়ারের স্ত্রী মাজেদা খাতুন অভিযোগ করেন, আক্তার হোসেন, আমিনুল ইসলাম এবং বিপ্লব তাঁর স্বামীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। সামান্য জমির জন্য দুই ভাই ও ভাতিজা তাঁর স্বামীকে হত্যা করেছেন। ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজা কুলসুম গতকাল বলেন, থানায় মামলার প্রস্তুতি চলছে। বিকেল পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। সম্পত্তি নিয়ে ভাইদের সঙ্গে দ্বন্দ্বের কারণে এই খুনের ঘটনা ঘটেছে।