সিলেট জেলা বারের জ্যেষ্ঠ আইনজীবী আহছানুজ্জামান চৌধুরীর আইন পেশার ৫০ বছর পূর্তি উপলক্ষে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আইনজীবী সমিতির ২ নম্বর বার হলে এ সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার প্রধান অতিথির বক্তব্য দেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম শমিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও মহানগর জজশিপে কর্মরত বিচারক, সরকারি কৌঁসুলিসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহ আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে আইনজীবী আহছানুজ্জামান চৌধুরীর মেয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তানজিনা চৌধুরী ও ছেলে সাউথইস্ট ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আহছান সাদাত চৌধুরীও বক্তব্য দেন। আহছানুজ্জামানকে স্বর্ণপদক ও বেনিভলেন্টফান্ডের ১০ লাখ ২০ হাজার টাকা উপহার দেওয়া হয়।