উচ্চ আদালত তথা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে সাধারণ মানুষের বিচার পাওয়ার সুযোগ নেই। কারণ, সেখানে আইন পেশার সঙ্গে জড়িত ব্যক্তিদের কারও কারও ফি ৫০ হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত। এত মোটা অঙ্কের টাকা সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব হয় না।কিশোরগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গণে গতকাল শনিবার দুপুরে ‘সরকারি আইনগত সহায়তা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ। আইনজীবীদের অতিরিক্ত ফি নেওয়াও এক প্রকার দুর্নীতি বলে মন্তব্য করেন তিনি। দরিদ্র মানুষ যাতে বিচার থেকে বঞ্চিত না হন, সে ব্যাপারে আইনজীবীসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান স্পিকার।জেলা ও দায়রা জজ এবং জাতীয় আইনগত সহায়তা সংস্থার জেলা কমিটির চেয়ারম্যান আ ম ম সাঈদের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান, সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব মো. আমির হোসেন, জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার মীর রেজাউল আলম, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ বিচারক মো. রবিউল হোসেন প্রমুখ।আইনজীবীদের উদ্দেশে স্পিকার বলেন, ‘সহনশীল মাত্রায় ফি নেবেন। রাতারাতি ৫-১০ তলা বাড়ির মালিক হয়ে যাবেন, এমন ভাবনা ছেড়ে দেন। যাঁরা হাজার কোটি টাকার মালিক, তাঁরা নিরাপদে আছেন এমন ভাবার কারণ নেই। বৈষম্য যখন অসহনশীল মাত্রায় বেড়ে যাবে, সহায়-সম্বলহীন ৮৫ ভাগ মানুষ তখন আপনাদের সম্পত্তি দখল করে নেবে।’স্পিকার আরও বলেন, ‘সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করতে হলে সরকারের অনুমতি নিতে হয়। এ নিয়ম বন্ধ করে দুর্নীতি দমনে সংশ্লিষ্ট সংস্থাকে স্বাধীনভাবে ক্ষমতা দিতে হবে। কারণ, আইনের দৃষ্টিতে সবাই সমান। সরকার এ ব্যবস্থাটি রহিত করার চিন্তাভাবনা করছে। দুঃখজনক হলো, যে যত বড় দুর্নীতিবাজ তার কণ্ঠ তত বেশি সোচ্চার।’কর্মশালায় ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আইনজীবী, ইউপি চেয়ারম্যান, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার তিন শতাধিক লোক অংশ নেন।