আইনজীবীদের অন্তত ১০ শতাংশ মামলা ফ্রি করা উচিত: প্রধান বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন
ফাইল ছবি

আইনজীবীদের অন্তত ১০ শতাংশ মামলা ফ্রি করা এবং রাষ্ট্রনিযুক্ত আইনজীবীদের ফি বাড়ানো উচিত বলে মনে করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এক ফৌজদারি আপিল শুনানিকালে আজ মঙ্গলবার প্রধান বিচারপতি এ কথা বলেন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ভার্চ্যুয়াল আপিল বিভাগে ওই শুনানি হয়।

প্রধান বিচারপতি বলেন, স্টেট ডিফেন্স (রাষ্ট্রনিযুক্ত আইনজীবী) দেওয়া হয়। স্টেট ডিফেন্সের টাকা বাড়ানো উচিত। এ সময় রাষ্ট্রপক্ষে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ বলেন, ওই পয়সায় ভালো আইনজীবী অনেকে আসতে চান না। জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বলেন, পয়সা ওঠাতেও কষ্ট।

এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘আপনাদের উচিত অন্তত ১০ শতাংশ মামলা ফ্রি করা। এটি আপনাদের বাউন্ডেড ডিউটি (অর্পিত দায়িত্ব)। কারণ, আইন পেশা একটি সেবা। এখন আইন পেশা ব্যবসা হয়ে গেছে।’

একপর্যায়ে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন, দেশের বাইরে আইনজীবীদের রিনিউ (লাইসেন্স নবায়ন) করতে হয়। নবায়ন করার আগে দেখাতে হয়, কয়টি মামলা প্রোবোনো (জনস্বার্থে) করেছে। তা না হলে জ্যেষ্ঠ আইনজীবীদের লাইসেন্স রিনিউ করতে দেওয়া হয় না। তখন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বলেন, ‘এটি হলে ভালো হতো আমাদের এখানে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, করা যায়।’

এটি কি ছেলেখেলা নাকি?

এর আগে ‘নুর আলম বনাম রাষ্ট্র’ নামে কার্যতালিকার ৫ নম্বরে থাকা ফৌজদারি আপিল শুনানির জন্য ডাকা হয়। তখন অ্যাডভোকেট অন রেকর্ড হিসেবে সংশ্লিষ্ট আইনজীবী যুক্ত ছিলেন না। এই মামলায় আপিলকারীর পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড হিসেবে আইনজীবী মো. নূরুল ইসলাম চৌধুরীর নাম দেখা যায়।
পরে ওই আইনজীবী যুক্ত হয়ে এক সপ্তাহ সময় প্রার্থনা করেন। একপর্যায়ে প্রধান বিচারপতি বলেন, অ্যাডভোকেট অন রেকর্ডদের কোনো দায়িত্ব আছে বলে মনে হয় না।

ওই আইনজীবীর উদ্দেশে আদালত বলেন, ‘মামলায় আইনজীবী হিসেবে আপনার নাম আছে। নাম প্রত্যাহার করার আগপর্যন্ত আপনি মামলার আইনজীবী। নিত্যদিনই এই রকম ঘটনা ঘটছে। অ্যাডভোকেট অন রেকর্ডের নাম থাকে, আদালতে উপস্থিত হয় না। এটি কি ছেলেখেলা নাকি?’

একপর্যায়ে ওই আইনজীবী ক্ষমা প্রার্থনা করে আবার এক সপ্তাহ সময়ের আরজি জানান। আদালত বলেন, ‘মক্কেল নির্দেশ দিয়েছে বলেই তো মামলা ফাইল করেছেন। নির্দেশ না থাকলে দরখাস্ত দিয়ে বলবেন, নির্দেশনা নেই, মামলা নন–প্রসিকিউশন করব। রেকর্ড দেখে ডিসমিস করে দেওয়া হবে।’