আইনজীবীদের আজ বিক্ষোভ কাল আদালত বর্জন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দিয়ে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে দুই দিনের কর্মসূচি দিয়েছে আইনজীবীদের নিয়ন্ত্রণ ও তদারককারী বিধিবদ্ধ প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিল। এর মধ্যে রয়েছে আজ রোববার দেশের সব আইনজীবী সমিতিতে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল এবং কাল সোমবার সুপ্রিম কোর্টসহ দেশের সব আইনজীবী সমিতির সদস্যদের আদালত বর্জন কর্মসূচি।
গতকাল শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সারা দেশ থেকে আসা আইনজীবী সমিতির প্রতিনিধিদের মতবিনিময় সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বাংলাদেশ বার কাউন্সিল আয়োজিত এই সভায় বিভিন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও ঢাকা আইনজীবী সমিতিসহ বিভিন্ন জেলা আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদক ও প্রতিনিধিসহ ৩৪ আইনজীবী বক্তব্য দেন। তাঁরা বলেন, অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত হলে আইনজীবী ও বিচারপ্রার্থীর জন্য কল্যাণ বয়ে আনবে না।
মতবিনিময় সভার সূচনা বক্তব্যে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আজ বিচারকদের অপসারণের ক্ষমতা যদি সংসদকে দেওয়া হয়, তাহলে উচ্চ আদালতের বিচারকগণ রাজনৈতিক দাবার ঘুঁটিতে পরিণত হবেন। সরকারের হাতে চলে যাবে বিচার বিভাগের নিয়ন্ত্রণ।’ তিনি বলেন, বিচারকেরা দলীয় রাজনৈতিক চাপে থাকার কারণে স্বাধীনভাবে বিচারিক কার্যক্রম পরিচালনা করতে অনেক ক্ষেত্রে সক্ষম হবেন না।
বার কাউন্সিলের সদস্য তানিয়া আমীর বলেন, ‘যেমন বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছি, অন্যদিকে বিচার বিভাগের জবাবদিহির কথাও বলতে হবে। ষোড়শ সংশোধনী এখনো কার্যকর নয়। সমাধানটি কী চাই, এ নিয়ে চিন্তা করতে হবে।’