রাঙামাটির মুখ্য বিচারিক হাকিম (সিজিএম) এবং অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমকে (এসিজিএম) প্রত্যাহারের দাবিতে রাঙামাটি আইনজীবী সমিতি গতকাল রোববার থেকে আদালত বর্জন কর্মসূচি শুরু করেছে। আদালতের নাজির ও নকল শাখায় দুর্নীতির প্রশ্রয় দেওয়াসহ ছয়টি অভিযোগে এ কর্মসূচি শুরু করা হয়।
ওই দুই বিচারক হলেন সিজিএম সামস উদ্দিন খালেদ ও এসিজিএম সাবরিনা আলী। তাঁদের প্রত্যাহারের দাবিতে ২ অক্টোবর রাঙামাটি আইনজীবী সমিতির বিশেষ বার্ষিক সাধারণ সভায় আইনজীবীরা অনির্দিষ্টকাল পর্যন্ত আদালত বর্জনের সিদ্ধান্ত নেন বলে সমিতির সাধারণ সম্পাদক হ্লাথোয়াই মারমা জানান।
আদালত সূত্র জানায়, গতকাল মুখ্য বিচারিক হাকিম ও অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম দুজনেই আমলি আদালত পরিচালনা করেছেন। এদিন সিজিএম সামস উদ্দিন খালেদ বন বিভাগের দায়ের করা পাঁচটি মামলা এবং এসিজিএম সাবরিনা আলী পুলিশের দায়ের করা আটটি মামলা পরিচালনা করেন।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হ্লাথোয়াই মারমা বলেন, বিচারকার্য পরিচালনা করলেও আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। জ্যেষ্ঠ আইনজীবী প্রতিম রায় বলেন, আইনজীবী সমিতি প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর কাছে অভিযোগগুলো পাঠিয়েছে। কোনো পদক্ষেপ গ্রহণ করা না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সিজিএম সামস উদ্দিন খালেদ সাংবাদিকদের বলেন, ‘আইনজীবীদের অভিযোগ ও দাবি সম্পর্কে আমি অবহিত নই। আমি সরকারের নিয়ম অনুসারে কাজ করে যাচ্ছি।’