আইনজীবীদের একাংশ আইন বিভাগ ধ্বংসের ষড়যন্ত্র করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম বলেছেন, সাংবিধানিক প্রতিষ্ঠান ও আইন বিভাগ ধ্বংসের ষড়যন্ত্র করছে আইনজীবীদের একটি অংশ। তারা আইনের শাসন ও ন্যায়বিচার বাধাগ্রস্ত করতে আদালত থেকে ওয়াকআউটের মতো অপসংস্কৃতি চালু করতে চাচ্ছে, যা আদালত অবমাননার শামিল।গতকাল রোববার ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১০তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জেলা রেজিস্ট্রার কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, দেশে নিরীহ ব্যক্তিদের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড প্রকল্প সম্প্রসারণ করার কাজ চলছে। নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক বিএনপির নেতা খায়রুল কবিরের জামিন পাওয়ার ঘটনাকে আইনের শাসন প্রতিষ্ঠার উদাহরণ উল্লেখ করে তিনি বলেন, আইন বিভাগকে রক্ষা এবং ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে আইনজীবীদের এক হয়ে কাজ করতে হবে।দুপুরে শহরের ব্রহ্মপূত্র নদের তীরে জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে জেলা জজ আদালত প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আইন ও বিচার বিভাগের সচিব আশীষ রঞ্জন দাস। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান এমপি, জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েস, গণপূর্ত অধিদপ্তর ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুর রহমান, নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক মুন্সী নজরুল ইসলাম, জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদা প্রমুখ।