আইনজীবীদের ঐক্য গড়ে তুলতে হবে: ড. কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, সংবিধান সমুন্নত রাখা এবং আইনের শাসন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দেশের ৬৭টি বারের ৪০ হাজার আইনজীবীকে রাজনৈতিক মতভেদ ভুলে পেশাগত ঐক্য গড়ে তুলতে হবে। এ জন্য শিগগিরই তিনি ঢাকায় সারা দেশের আইনজীবীদের জাতীয় সম্মেলন ডাকবেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে গণতান্ত্রিক আইনজীবী সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কামাল হোসেন এ কথা বলেন। তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নারায়ণগঞ্জের সাত খুন ও মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীসহ সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে হবে।
অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন সমিতির কেন্দ্রীয় সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদুল বারী, সহসভাপতি আসাদুল্লাহ তারেক, হেলালউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক প্রমুখ।
সুব্রত চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, সাত খুনের ঘটনার তদন্ত থেকে সিআইডিকে বাদ দেওয়ার নির্দেশ মানুষ ভালোভাবে নেয়নি। সাখাওয়াত হোসেন খান বলেন, সাত খুনের ঘটনায় জড়িত কয়েকজন র্যা ব সদস্য এখনো চাকরিতে বহাল আছেন। ঘটনার ছয় মাসেও এজাহারভুক্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।