আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান
স্বাধীনতার পক্ষের আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। গতকাল শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ‘বঙ্গবন্ধুর স্বপ্ন: বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্ব’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘আমি সুপ্রিম কোর্ট বারের একজন সাধারণ সদস্য। আমি চাই, আমাদের নির্বাচনে যেন আমরা জয়লাভ করি। এমন পথ বের করেন কেন্দ্রভিত্তিক সবাই মিলে, যাতে আমাদের ভেতর ঐক্য ফিরে আসে। সাধারণ আইনজীবীদের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়।’
আয়োজক সংগঠনের সভাপতি আবদুল বাসেত মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা ও ঢাকার বাইরের পরিষদের নেতারা এতে যোগ দেন।
সভায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক লায়েকুজ্জামান মোল্লা, জাতীয় আইনজীবী ফেডারেশনের আহ্বায়ক শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সহসভাপতি শেখ আখতার-উল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এস এম মুনীর, বশির আহমেদ, এ এম আমিন উদ্দিন এবং শ ম রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।