আইনজীবীদের কালো পতাকা মিছিল
বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদকে দেওয়াসংক্রান্ত সংবিধানের নতুন ৯৬ অনুচ্ছেদ বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ-সমাবেশ করেছেন আইনজীবীরা।
আজ রোববার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন ও প্রাঙ্গণে আইনজীবীরা এই কর্মসূচি পালন করেন।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা একটার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে আইনজীবীরা জড়ো হন। তাঁরা কালো পতাকা নিয়ে মিছিলসহ সমিতি ভবন প্রদক্ষিণ করেন। পরে সমিতি ভবনের সামনের প্রাঙ্গণে তাঁরা জড়ো হন। সেখানে প্রায় আধা ঘণ্টা বিক্ষোভ-সমাবেশ চলে। এতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, আইনজীবী সানাউল্লাহ মিয়া, রফিকুল হক তালুকদার, রাগিব রউফ চৌধুরী, মির্জা আল মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।
মাহবুব উদ্দিন খোকন দাবি করেন, ষড়যন্ত্র করে ক্ষমতায় থাকার জন্য ৯৬ অনুচ্ছেদ সংশোধন করা হয়েছে। এই সংশোধনী অবিলম্বে বাতিল করার দাবি জানান তিনি।