আইনজীবীদের তালিকাভুক্তিতে পাঁচ সদস্যের কমিটি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার কাউন্সিলের সচিব নিয়োগ এবং আইনজীবীদের তালিকাভুক্তির (এনরোলমেন্ট) জন্য কমিটি গঠনের বিধিতে পরিবর্তন আনা হয়েছে। এ জন্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল (অ্যমেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১২ সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, সংশোধিত আইন কার্যকর হলে জেলা জজ বা অতিরিক্ত জজ পদমর্যাদার কোনো কর্মকর্তাকে বার কাউন্সিলের সচিব হিসেবে নিয়োগ দেওয়া যাবে। বিদ্যমান আইনে বিষয়টি স্পষ্ট ছিল না।এনরোলমেন্ট কমিটিকে আরও শক্তিশালী করতেই এ আইন সংশোধন করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, অনুমোদিত আইনে বার কাউন্সিলকে নিজস্ব প্রয়োজনে বিধি প্রণয়নের ক্ষমতাও দেওয়া হয়েছে। তবে এ জন্য তাদের আগে সরকারের অনুমোদন নিতে হবে।প্রস্তাবিত আইনে আইনজীবীদের তালিকাভুক্তির জন্য পাঁচ সদস্যের একটি এনরোলমেন্ট কমিটি গঠনের কথা বলা হয়েছে, যার চেয়ারম্যান হবেন প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারক। এ ছাড়া হাইকোর্টের দুজন বিচারক, অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের একজন সদস্য কমিটির সদস্য হিসেবে থাকবেন। হাইকোর্টের দুই বিচারককে প্রধান বিচারপতি মনোনীত করবেন। বার কাউন্সিলের সভাপতি হিসেবে অ্যাটর্নি জেনারেল পদাধিকারবলে এই কমিটিতে আসবেন। তিনি বার কাউন্সিলের অন্য একজন সদস্যকে কমিটির জন্য মনোনীত করবেন। বিদ্যমান আইনে বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সদস্যসংখ্যা তিনজন। এঁদের মধ্যে একজন বিচারক এবং বাকিরা বার কাউন্সিলের মনোনীত সদস্য।মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভার বৈঠকে প্রতিবছর ২৬ এপ্রিল বিশ্ব মেধা সম্পদ দিবস পালনেরও সিদ্ধান্ত হয়েছে। দেশে কয়েক বছর ধরে আনুষ্ঠানিকভাবে মেধা সম্পদ দিবস পালন করা হলেও আগে এটি বর্ষপঞ্জিকায় উল্লেখ ছিল না। এখন থেকে আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন করা হবে। এ ছাড়া নাবিকদের সনদ দেওয়া-সংক্রান্ত একটি আন্তর্জাতিক কনভেনশনে অনুসমর্থন দেওয়ার প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই কনভেনশনে অনুসমর্থনের ফলে নাবিক প্রশিক্ষণের মানোন্নয়ন এবং বিভিন্ন দেশের জাহাজে বাংলাদেশি নাবিকদের কর্মসংস্থান সহজ হবে।হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০১২-এর খসড়া মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপিত হলেও তা আরও সংশোধন ও পরিমার্জনের জন্য ফেরত পাঠানো হয় বলে মন্ত্রিপরিষদ সচিব জানান। প্রয়োজনীয় সংশোধন শেষে ধর্ম মন্ত্রণালয় এটি আবারও মন্ত্রিসভায় তুলবে।এদিকে বৈঠক সূত্রে জানা গেছে, সব পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রিসভার সদস্যদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। যাঁর যাঁর এলাকায় অবস্থান করে সবাইকে সতর্ক থাকতেও বলেছেন তিনি।বৈঠকে রামু প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধবসতি ও মন্দির পুনর্বাসনে চার কোটি টাকার বেশি ব্যয় করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারকে দুই লাখ টাকা করে দেওয়া হবে।