প্রসঙ্গ: ষোড়শ সংশোধনী নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়
আইনজীবীদের দুই পক্ষের কর্মসূচি একই দিনে
সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় নিয়ে চলমান বিতর্ক দেশজুড়ে আইনজীবী সমিতিগুলোর মধ্যে ছড়িয়ে পড়েছে। সরকার-সমর্থক ও বিরোধী আইনজীবীদের দুটি সংগঠন সারা দেশে একই দিনে পৃথক কর্মসূচি ঘোষণা করেছে। প্রতিটি জেলায় আইনজীবীরা তিন দিনের এই কর্মসূচি পৃথকভাবে পালন করবেন।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আজ রোববার, আগামী বুধবার ও বৃহস্পতিবার সারা দেশের আইনজীবী সমিতিগুলোতে প্রতিবাদ কর্মসূচি পালন করবে। এদিকে রায় নিয়ে মন্ত্রীদের বিরূপ বক্তব্যের প্রতিবাদে ও নিম্ন আদালতের বিচারকদের চাকরিবিধির গেজেট শিগগির প্রকাশের দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর আগে ওই সব দিনে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে। গত শুক্রবার সংবাদ সম্মেলন করে ফোরাম এই কর্মসূচি দেয়।
গতকাল শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিন দিনের কর্মসূচির ঘোষণা দেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যসচিব শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘মাননীয় সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হকের বক্তব্যকে আমরা পূর্ণ সমর্থন করছি। তিনি গণতন্ত্রের স্বার্থে, ন্যায়বিচারের স্বার্থে যথার্থই বলেছেন। আমরা মনে করি, দেশের রাজনৈতিক অপশক্তিকে ইস্যু তৈরি করে দিতে ষড়যন্ত্র করা হচ্ছে। সাংবিধানিক শূন্যতা তৈরি করার অপচেষ্টা চলছে। আমরা এই ঘৃণ্য অপচেষ্টার নিন্দা ও প্রতিবাদ জানাই।’
আইনজীবী পরিষদের লিখিত বক্তব্যে বলা হয়, ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায় সারা দেশের আইনজীবীদের সংক্ষুব্ধ করেছে। একটি মহল রায় নিয়ে বিচার বিভাগকে বিতর্কিত করার চেষ্টা করছে।’রায়ে যে সমস্ত ‘আপত্তিকর, অসাংবিধানিক, অগণতান্ত্রিক, অপ্রাসঙ্গিক’ পর্যবেক্ষণ রয়েছে, সেগুলো স্বতঃপ্রণোদিত হয়ে প্রত্যাহার করতে আদালতের প্রতি দাবি জানানো হয়।
বক্তব্যে বলা হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা লক্ষ করছি যে, একটি দল ও মহল রায় নিয়ে বিচারাঙ্গনকে বিতর্কিত করার পাঁয়তারা করছে। আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল। মাননীয় প্রধান বিচারপতির কাছ থেকে দেশবাসী দায়িত্বশীল আচরণ আশা করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইঙ্গিত করে তিনি যে বক্তব্য লিখেছেন, তাতে আমরা আইনজীবীসহ সারা দেশের মানুষ অত্যন্ত ক্ষুব্ধ। তিনি জাতীয় সংসদ সম্পর্কে কটূক্তি করেছেন এবং এই প্রতিষ্ঠানকে হেয়প্রতিপন্ন করেছেন। সংসদকে হেয় করা মানে গণতন্ত্রকে হেয় করা, জনগণকে হেয় করা। আমরা আইনজীবী-অঙ্গন এর প্রতিবাদ জানাচ্ছি।’
বক্তব্যে আরও বলা হয়, ‘এমন পর্যবেক্ষণ অসাংবিধানিক ব্যক্তিদের ক্ষমতায় আসার পথ সুগম করে। ফলে এই জাতীয় মতামত, পর্যবেক্ষণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা অবশ্যই প্রত্যাহার করতে হবে।’
এক প্রশ্নের জবাবে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, ‘আমাদের এ বক্তব্য আদালতের বিরুদ্ধে নয়। রায়ে কিছু অপ্রাসঙ্গিক মন্তব্য এসেছে, যা দেশবাসীর কাছে গ্রহণযোগ্য নয়। রায়ে বলা হয়েছে, এ দেশ একক নেতৃত্বে স্বাধীন হয়নি। এটা অসত্য ও বেদনাদায়ক।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম প্রমুখ।
একই দিনে আইনজীবীদের দুটি সংগঠনের কর্মসূচির বিষয়ে জানতে চাইলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব মাহবুব উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ। তা ছাড়া, আইনজীবীদের একই বিষয়ে পাশাপাশি দাঁড়িয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য রাখার রেওয়াজ আছে। তাই এ ধরনের কর্মসূচি কেউ দিতেই পারে।’
মাহবুব উদ্দিন বলেন, ‘আমরা মনে করি, বিচারপতি খায়রুল হক রায় নিয়ে এবং প্রধান বিচারপতিকে আক্রমণ করে যেসব বক্তব্য দিয়েছেন, তাতে তিনি নিজের সম্মান নষ্ট করেছেন, একজন সাবেক প্রধান বিচারপতি হয়ে সুপ্রিম কোর্টকে অবমাননা করেছেন।’
৩১ জুলাই রায় প্রকাশের পর ঘটনাপঞ্জি
৭ আগস্ট: মন্ত্রিসভায় ক্ষোভ
পর্যবেক্ষণের অনেক বিষয় ‘অপ্রাসঙ্গিক ও আপত্তিকর’
৯ আগস্ট: আ.লীগের সংবাদ সম্মেলন
এ রায় বিএনপিকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে
খায়রুল হকের সংবাদ সম্মেলন
জনগণের নয়, বিচারকদের প্রজাতন্ত্রে বাস করছি
১০ আগস্ট: আইনমন্ত্রীর সংবাদ সম্মেলন
রায় নিয়ে দ্বিমত থাকলেও রায়ের প্রতি শ্রদ্ধা রয়েছে
বিএনপির সংবাদ সম্মেলন
খায়রুল হকের বক্তব্য আদালত অবমাননার শামিল