আইনজীবীদের পৃথক কর্মসূচি পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন দাবিতে আওয়ামী লীগ-সমর্থক ও বিরোধী দল-সমর্থক আইনজীবীরা গতকাল মঙ্গলবার পৃথক কর্মসূচি পালন করেছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি  ভবন ও প্রাঙ্গণে এসব কর্মসূচি পালিত হয়।

সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে ‘আইনজীবীদের স্বার্থে সুপ্রিম কোর্টের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার’ দাবিতে সাধারণ আইনজীবীদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেন আওয়ামী লীগ-সমর্থক আইনজীবীরা।

আইনজীবী আমিনুর রহমান চৌধুরীর সঞ্চালনায় দুপুর ১২টা পর্যন্ত চলা কর্মসূচিতে মনসুরুল হক চৌধুরী, কে এম সাইফুদ্দিন আহমেদ, মোমতাজ উদ্দিন আহমদ, আজহারুল্লাহ ভূইয়া ও মোতাহার হোসেন প্রমুখ বক্তব্য দেন। মানববন্ধনে অবরোধে আদালতের কার্যক্রম স্বাভাবিক রাখতে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতি আহ্বান জানানো হয়।

দুপুর সোয়া ১২টার দিকে বিরোধী দল-সমর্থক আইনজীবীরা হরতাল-অবরোধের সমর্থনে সমিতি ভবন থেকে মিছিল বের করেন। মিছিলটি হাইকোর্ট মাজারের ফটক প্রদক্ষিণ করে আবার সমিতি ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়। আইনজীবী তৈমুর আলম খন্দকার, রুহুল কুদ্দুস, মোহাম্মদ আলী, মির্জা আল মাহমুদ প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

‘আইন অঙ্গনসহ দেশব্যাপী বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাওপোড়াও এবং মানুষ হত্যার বিরুদ্ধে’ দুপুর সাড়ে ১২টার দিকে সমিতির উত্তর হলে প্রতিবাদ সভা করে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ।

পরিষদের সভাপতি আবদুল বাসেত মজুমদারের সভাপতিত্বে সভায় আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ূন, এ এফ এম মেজবাহ উদ্দিন, এম এম আমিন উদ্দিন, শ ম রেজাউল করিম, রবিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা নির্বাচনের পর সারা দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন, জ্বালাওপোড়াও ও সহিংসতার তীব্র প্রতিবাদ জানান। তাঁরা এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

এ ছাড়া গত ২৯ ডিসেম্বর আইনজীবীদের ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার না করার প্রতিবাদে ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকসহ আইনজীবীদের মুক্তির দাবিতে সকালে সমিতির গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু হয়। সমিতির নেতৃত্বে রয়েছেন বিরোধী দল-সমর্থক আইনজীবীরা।