এজলাসকক্ষে হইচই ও বিশৃঙ্খলার ঘটনায় ১৪ জন আইনজীবীর বিরুদ্ধে করা মামলা এবং ১৩ জন আইনজীবীকে পেশা থেকে বিরত থাকতে হাইকোর্টের দেওয়া নির্দেশ নিঃশর্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি।রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলায় দুজন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরকে বিতর্কিত বলে উল্লেখ করা হয়েছে।সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর বাণীই এখন বিচারপতিদের বাণীতে পরিণত হয়েছে। অথচ রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিক অঙ্গনে থাকা উচিত ছিল। সরকার তার বক্তব্য আদালতের মাধ্যমে বলছে। এ থেকে বিচারপতিরা সরে না এলে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে।আদালতে গত মঙ্গলবার বিএনপি-সমর্থক আইনজীবীদের আচরণ শিষ্টাচারপূর্ণ ছিল কি না, জানতে চাইলে মির্জা ফখরুল শুধু বলেন, বিষয়টি তদন্ত করে দেখা যেতে পারে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মন্তব্য করেন, মুফতি ফজলুল হক আমিনীর মামলার শুনানিকালে খালেদা জিয়ার নাম আসার বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর মধ্য দিয়ে খালেদা জিয়ার দেশপ্রেমের বিষয়ে কটূক্তি করা হয়েছে। তিনি রাজনৈতিক বিষয়ে আদালতকে হস্তক্ষেপ না করার আহ্বান জানান।সংবিধান ছুড়ে ফেলে দেওয়া হবে বলে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, তা প্রত্যাহার করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া যা বলেছেন, তা ঠিকই বলেছেন। এ বক্তব্য প্রত্যাহার করা হবে না। তিনি অভিযোগ করেন, সরকার সারা দেশে হাট, ঘাট, মাঠ, বন্দর, প্রতিষ্ঠান দখল করে এখন আদালতকেও দখল করতে সেখানে দলীয় লোকদের ঢোকাচ্ছে। তিনি বলেন, বিচারকদের রায় দিয়ে যেমন সত্যকে বিকৃত করা যায় না, ঠিক তেমনি দলীয় বিচারকদের আদেশে একজন ব্যক্তির দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা যায় না।