সালাহ উদ্দিন আহমদ: নিখোঁজ হওয়ার ২৯দিন: আজ আবার শুনানি
আইনজীবীদের বিশ্বাস সালাহ উদ্দিন আহমদ জীবিত

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে খুঁজে বের করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশনা চেয়েছেন সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমদের আইনজীবীরা। তাঁদের বিশ্বাস, সালাহ উদ্দিন এখনো জীবিত, তাঁকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ধরে নিয়ে গেছে।
বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে গতকাল বুধবার শুনানিকালে এসব কথা বলেন সালাহ উদ্দিনের স্ত্রীর আইনজীবীরা। আজ বৃহস্পতিবার এ বিষয়ে আবার শুনানি হবে। শুনানি শেষে সালাহ উদ্দিনের স্ত্রীর পক্ষের আইনজীবী মওদুদ আহমদ আদালতের বাইরে কয়েকজন সাংবাদিককে বলেন, তাঁরা বিশ্বাস করেন সালাহ উদ্দিন আহমদ এখনো জীবিত আছেন। আদালতের ঐতিহ্য তুলে ধরে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়েছেন বলেও জানান তিনি।
সালাহ উদ্দিন জীবিত আছেন, এটা কিসের ভিত্তিতে বিশ্বাস করেন, সাংবাদিকেরা জানতে চাইলে মওদুদ আহমদ বলেন, এটা সালাহ উদ্দিনের স্ত্রী বলেছেন। পরে এ বিষয়ে আদালত প্রাঙ্গণে হাসিনা আহমদের কাছে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, এ রকম কিছু তিনি জানেন না। জানলে তো অবশ্যই জানাবেন। গতকাল বিকেলে সালাহ উদ্দিনের স্ত্রীর পক্ষে মওদুদ আহমদ ছাড়াও শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন।