আইনজীবীদের মানববন্ধন
চট্টগ্রামে আইনজীবীদের জন্য কক্ষ বরাদ্দে অনিয়মের অভিযোগে কর্মসূচি অব্যাহত আছে। গতকাল সোমবার বিক্ষুব্ধ আইনজীবীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। আজ মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন বিক্ষুব্ধ আইনজীবীরা।
গতকাল চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রায় তিন শ আইনজীবী অংশ নেন। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দুর্নীতির মাধ্যমে দেওয়া কক্ষগুলোর বরাদ্দ অবিলম্বে বাতিল করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
বক্তব্য দেন দুর্নীতিবিরোধী সংগ্রাম কমিটির আহ্বায়ক শহীদুল আজম শাকিল এবং রূপম তালুকদার ও মোকাররম হোসেন। গত বৃহস্পতিবার আইনজীবীদের জন্য চার শ কক্ষ লটারির মাধ্যমে বরাদ্দ দেয় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। আইনজীবীদের অভিযোগ, স্বজনপ্রীতির মাধ্যমে দেড় শ কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে।