আইন প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম বলেছেন, সামাজিক উন্নতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে আগে আইনজীবীদের মানসিকতা পরিবর্তন করা দরকার। সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আইনজীবীরা দুস্থ ও গরিব মানুষের মুখে হাসি ফোটাতে পারেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শত বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী এ কথা বলেন। প্রতিমন্ত্রী তাঁর জাপান সফরের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, সেখানে মিথ্যা মামলার কোনো সুযোগ নেই। যত মিথ্যা মামলা বাংলাদেশে। যৌতুক ও নারী শিশু নির্যাতন নিয়ে ৮০ শতাংশ মামলা হয় মিথ্যা। আইনজীবীরা মিথ্যা মামলার জন্য উৎসাহিত করেন বলে এই অবস্থা। এই প্রবণতা থেকে আইনজীবীরা বেরিয়ে আসতে পারলে মামলাজট কমে যাবে। জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে আহমদ হোসেন, সরকারি কৌঁসুলি (পিপি) মমতাজ আহমদ প্রমুখ। জেলা ও দায়রা জজ মো. জসিম উদ্দিন নিজ আদালতের মামলাজটের নিরসন এবং দ্রুত বিচার নিশ্চিত করার স্বার্থে দীর্ঘদিন ধরে শূন্য থাকা অতিরিক্ত জেলা জজ পদে একজনকে নিয়োগ এবং অতিরিক্ত আরও একটি পদ সৃষ্টিসহ কর্মচারীর সংকট নিরসনের দাবি জানান। প্রতিমন্ত্রী জেলার উপকূলীয় উপজেলা চকরিয়া, মহেশখালী ও কুতুবদিয়া আদালত ভবন সংস্কারসহ বিচারালয়ে শূন্য পদ পূরণের আশ্বাস দেন এবং মিথ্যা মামলা কমিয়ে আনার তাগিদ দেন। অনুষ্ঠানে ৩৫ বছরের বেশি সময় ধরে আইন পেশায় নিয়োজিত সমিতির ১৫ সদস্যকে সম্মাননা স্মারক দেওয়া হয়। তাঁরা হলেন: ছালামত উল্লাহ, তোফায়েল আহমদ চৌধুরী, জহিরুল ইসলাম, শাহনেওয়াজ আহমদ, পীযূষ কান্তি চৌধুরী, মো. আবুল বাশার, মোস্তাক আহমদ, ক্ষিতীশ চন্দ্র দে, মফিদুল আলম, এ কে এম আহমদ হোসেন, অধ্যাপক নূর আহমদ, এস এম সিরাজুল মোস্তফা, জয়নাল আবেদীন, নুরুল হক চৌধুরী ও শামসুল আলম।