আইনজীবীদের মুক্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীদের ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার না করার প্রতিবাদে এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকসহ আইনজীবীদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান ফটকের বাইরে বেলা একটা থেকে আধ ঘণ্টা ওই কর্মসূচি চলে।
মানববন্ধন থেকে আইনজীবীরা বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকনসহ আটক সব আইনজীবীর নিঃশর্ত মুক্তি এবং ২৯ ডিসেম্বর আইনজীবীদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যক্রম শুরুর দাবি জানান।
সমিতির ভারপ্রাপ্ত সহসম্পাদক রফিকুল হক তালুকদারের সঞ্চালনায় মানববন্ধনে সাবেক প্রতিমন্ত্রী শাহজাহান ওমর, সমিতির সহসভাপতি এ বি এম ওয়ালিউর রহমান খান ও মো. শাহাজাদা, সাবেক কোষাধ্যক্ষ ফাহিমা নাসরিন, তৈমুর আলম খন্দকার প্রমুখ অংশ নেন।
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে গত ২৯ ডিসেম্বর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নৈরাজ্য সৃষ্টি হয়। ওই দিন কর্মসূচিতে যোগ দিতে মিছিল নিয়ে যাওয়া বিরোধী দল-সমর্থক আইনজীবীদের ওপর হামলা চালান আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ওই ঘটনায় ২ জানুয়ারি এক প্রতীকী অনশন কর্মসূচি থেকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটি গঠন করে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে কার্যক্রম শুরুর দাবি জানানো হয়।