আইনজীবীদের সুযোগ-সুবিধা বাড়ানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার আইনজীবীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য লক্ষ্য নির্ধারণ করে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এসব পদক্ষেপের মাধ্যমে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবন থেকে শুরু করে সারা দেশে বিচার বিভাগকে ঢেলে সাজাতে সব ব্যবস্থা নেওয়া হবে। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট চত্বরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করছি যেন আমাদের বিচার বিভাগ এবং আইনজীবীরা প্রত্যেকেই স্ব স্ব কর্মস্থলে একটি সুন্দর পরিবেশে কাজ করতে পারেন। এ জন্য যা যা করণীয় আমরা করে যাচ্ছি।’ তিনি দেশের উন্নয়নের গতি অব্যাহত রাখতে সবার দোয়া কামনা করেন।
শেখ হাসিনা বলেন, ‘ডিজিটাল পদ্ধতি এসে গেছে। পুরোনো আইনগুলোকে আমরা যুগোপযোগী করে পার্লামেন্টে পাস করে যাচ্ছি। কারণ, যুগোপযোগী আইন ছাড়া একটি দেশ এগিয়ে যেতে পারে না।’
ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য দেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন। ইফতারের আগে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।