বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলায় আইনজীবীদের হইচই ও হট্টগোলের মধ্যে গতকাল সোমবার মামলার বাদী সাক্ষ্য দিয়েছেন। আংশিক সাক্ষ্য গ্রহণের পর আদালত ১৭ ডিসেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন।
রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাসহ এ দুই মামলার বিচারকাজ চলছে। নিরাপত্তাজনিত কারণে খালেদা জিয়া গতকাল হাজির হননি বলে জানান তাঁর আইনজীবীরা।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১ ডিসেম্বর বাদী দুদকের উপপরিচালক হারুন-অর-রশিদ দ্বিতীয় দিন সাক্ষ্য শুরু করেন। ওই দিন আইনজীবীদের হট্টগোলের কারণে বাদী সাক্ষ্য শেষ করতে পারেননি। পরে আদালত সাক্ষ্য গ্রহণের জন্য ৮ ডিসেম্বর দিন ধার্য করেছিলেন।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায় মামলার কার্যক্রম শুরু করলে আসামিপক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া চারটি আবেদনের কথা জানান। পরে সময় চেয়ে খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আপিল বিভাগে রায় হয়েছে। প্রত্যায়িত অনুলিপি পাইনি। কপি পেলে রিভিউ করা হবে কি না, সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া বর্তমান আদালত পরিবর্তনের জন্য আবেদন করা হয়েছে, যা হাইকোর্টে শুনানির জন্য তালিকায় আছে। এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুনানি মুলতবি রাখা হোক।’
দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান বলেন, আদালত পরিবর্তনের জন্য আবেদন করা হলে শুনানি মুলতবি করতে হবে এমন বাধ্যবাধকতা নেই।
মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আমরা মুলতবি চাচ্ছি, বিচার স্থগিত চাচ্ছি না। ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা থেকে আবেদন করা হয়েছে।’
আদালত পরিবর্তন-সংক্রান্ত ৫২৬ ধারায় করা আবেদনের সপক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরে আইনজীবী এ জে মোহাম্মদ আলী বলেন, এই আবেদনের নিষ্পত্তি না হওয়ার আগে কিছু করার নেই। সিদ্ধান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এ সময় আদালত বলেন, ‘দুই আসামির অনুপস্থিতির বিষয়ে বলেন।’ জবাবে মোহাম্মদ আলী বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে তাঁর (খালেদা জিয়ার) হাজির হওয়া সম্ভব হচ্ছে না। নিরাপত্তার শঙ্কা²নিরসন করলে উনি অবশ্যই আসবেন।’
দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান বলেন, তিনি (খালেদা জিয়া) সাতবার আদালতে এসেছেন। তখন সমস্যা হয়নি। নিরাপত্তার অভাব আছে বলা ঠিক হবে না।
আদালত মুলতবির আবেদন নামঞ্জুর করে সাক্ষ্য উপস্থাপনের নির্দেশ দেন। বেলা একটার দিকে আদালতকক্ষে রাখা নির্ধারিত স্থানে সাক্ষ্য দেওয়ার জন্য গিয়ে দাঁড়ান মামলার বাদী। তখনই হইচই শুরু হয়। একপর্যায়ে জয়নুল আবেদীন বলেন, ‘আমাদের দরখাস্ত আছে।’
আদালত বলেন, ‘শুনব, পিছন থেকে কথা বলবেন না।’
মোহাম্মদ আলী বলেন, ‘আদেশটা দেবেন। আমরা রিভিশন করব। সে সুযোগ না দিয়ে শুনানি করবেন না।’ দুদকের কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল বলেন, ‘উনারা স্থগিতাদেশ আনতে পারেননি। সাক্ষী ডকে আছেন। সাক্ষ্য না নেওয়ার মতো কোনো কারণ ঘটেনি।’
জয়নুল আবেদীন বলেন, ‘উভয় পক্ষ শুনানির জন্য উচ্চ আদালতে গিয়ে বলতে পারি।’ খুরশীদ আলম খানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আসুন দুইটায় গিয়ে বিষয়টি উত্থাপন করি।’ খুরশীদ আলম বলেন, ‘আপত্তি নেই, কিন্তু সাক্ষী হতে বাধা কেন?’
দুপুরের বিরতির পর এর আগে আদালতের দেওয়া কয়েকটি আদেশ তুলে ধরে মোহাম্মদ আলী বলেন, ৫২৬ ধারার ব্যাপারে কোনো সুযোগ দেওয়া হয়নি। মোশাররফ হোসেন কাজল আদালতকে বলেন, ‘বেলা ১১টা থেকে শুরু করেছেন। সিদ্ধান্ত দেন।’ এ সময় আসামিপক্ষের আইনজীবীরা হইচই শুরু করেন।
মোশাররফ হোসেন কাজল বলেন, ‘উনারা যখন কথা বলেন, আমাদের কেউ কথা বলে না। আমরা বললে উনারা বলতে শুরু করেন।’ পরিবেশ ঠিক রাখার জন্য আদালতের সিদ্ধান্ত চান তিনি। এরপর উচ্চ আদালতের কয়েকটি সিদ্ধান্ত তুলে ধরেন জয়নুল আবেদীন। মোশাররফ হোসেন কাজল বলেন, ‘আপনাদের আবেদনটি খারিজ হয়ে গেছে। অপর আবেদনে সময় চাওয়া হয়েছে। এভাবে চলতে পারে না।’ জয়নুল আবেদীন বলেন, ‘এটা জুডিশিয়াল এনার্কি।’ মোশাররফ হোসেন কাজল বলেন, ‘উনারা সিনক্রিয়েট করতে চাচ্ছেন।’ সোয়া তিনটার দিকে আদালত বলেন, তৃতীয় আবেদন খারিজ করা হলো। সাক্ষ্য হবে।
জয়নুল আবেদীন বলেন, ‘সাক্ষ্য নিতে পারেন না।’ এরপরই হইচই বাড়তে থাকে। এ অবস্থায় সাক্ষীর কাঠগড়ায় গিয়ে বক্তব্য উপস্থাপন শুরু করেন বাদী। প্রায় ১০ মিনিট তিনি দাঁড়িয়ে বক্তব্য উপস্থাপন করেন। তবে হইচইয়ের জন্য কথা স্পষ্ট শোনা যাচ্ছিল না। বাদীকে তখন ঘিরে রেখেছিলেন দুদকের কৌঁসুলিরা। এজলাসের সামনে দাঁড়িয়ে যান পুলিশ সদস্যরাও। বেলা সাড়ে তিনটার দিকে এজলাস ত্যাগ করেন বিচারক। পরে জানানো হয়, ১৭ ডিসেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
গত ২২ সেপ্টেম্বর এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সেদিনও আইনজীবীদের হইচইয়ের কারণে বাদী আংশিক সাক্ষ্য দিয়েছিলেন।