আইনজীবীদের হট্টগোল শেষ হয়নি বাদীর সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তাঁর বড় ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলায় বাদীর সাক্ষ্য গ্রহণ গতকাল সোমবার আবার শুরু হয়েছে। তবে আইনজীবীদের হট্টগোলের কারণে তিনি সাক্ষ্য শেষ করতে পারেননি। আংশিক সাক্ষ্য গ্রহণের পর আদালত পরবর্তী তারিখ ধার্য করেন।
ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায় ৮ ডিসেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন। একই আদালতে গতকাল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলারও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। ওই মামলায়ও ৮ ডিসেম্বর পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে এ দুই মামলার বিচারকাজ চলছে।
আদালত সূত্র জানায়, গতকাল বেলা সোয়া ১১টার দিকে মামলার কার্যক্রম শুরু হলে আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করেন। বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হারুন অর রশীদ সাক্ষ্য দিতে এজলাসকক্ষে হাজির ছিলেন। খালেদা জিয়ার আইনজীবীরা সময় চেয়ে আদালতে বলেন, বর্তমান বিচারিক আদালতে ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কায় খালেদা জিয়ার পক্ষে আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। ওই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাক্ষ্য গ্রহণ মুলতবি রাখা হোক।
দুদকের আইনজীবীরা বলেন, আসামিপক্ষ এর আগে বিচারকের বৈধতা ও অভিযোগ গঠনের বৈধতা নিয়ে কয়েকটি আবেদন করেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ওই আবেদনগুলো খারিজ করেছেন। তাই সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই।
এরপর আসামিপক্ষের আইনজীবীরা বলেন, হাইকোর্টে কোনো বিষয়ে আবেদন করা হলে তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিম্ন আদালত কোনো কার্যক্রম গ্রহণ করতে পারেন না।
শুনানি শেষে আদালত আসামিপক্ষের আবেদন নাকচ করে সাক্ষ্য গ্রহণের নির্দেশ দেন। এরপর বাদী সাক্ষ্য দেওয়া শুরু করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা হইচই শুরু করেন। দুদকের আইনজীবীরা তাঁদের থামানোর চেষ্টা করেন। এতে হট্টগোল শুরু হয়। এই পর্যায়ে আদালত মধ্যাহ্ন বিরতি দেন। বেলা দুইটার পর আবার কার্যক্রম শুরু হয়। আসামিপক্ষের কয়েকজন আইনজীবী এ সময় আদালতকে উদ্দেশ করে কটূক্তি করেন। এ নিয়ে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে আবার হট্টগোল শুরু হয়। হইচই ও হট্টগোলের কারণে বিকেল সোয়া চারটার দিকে আদালত সাক্ষ্য গ্রহণ মুলতবি করে পরবর্তী দিন ধার্য করেন।
গত ২২ সেপ্টেম্বর এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সেদিনও আইনজীবীদের হইচইয়ের কারণে বাদী আংশিক সাক্ষ্য দিয়েছিলেন।
দুদকের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মোশাররফ হোসেন, কবির হোসাইন ও রফিকুল ইসলাম। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া ও সাজ্জাদ হায়দার।