আইনজীবীদের হট্টগোলে শুনানি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া চ্যারিটেবল ও অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের হট্টগোলের কারণে শুনানি মুলতবি করেছেন আদালত। একই সঙ্গে খালেদা জিয়াসহ সব আসামিকে ২২ সেপ্টেম্বর হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায় এই আদেশ দেন। 
গতকাল এই মামলা দুটিতে সাক্ষ্য গ্রহণের দিন ছিল। বেলা সোয়া ১১টার দিকে বিচারক এজলাসে ওঠেন। খালেদা জিয়ার পক্ষে সময় চেয়ে একটি এবং মামলার কার্যক্রম মুলতবি চেয়ে পৃথক আরেকটি আবেদন জানান আইনজীবীরা। আদালত নিরাপত্তাহীনতার কারণে খালেদা জিয়ার অনুপস্থিতির বিষয়ে করা আবেদন মঞ্জুর করে সাক্ষ্য গ্রহণের আদেশ দেন। এই নিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন আসামিপক্ষের আইনজীবীরা। একপর্যােয় তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নিলে বিচারক আদালতের কার্যক্রম সাময়িক মুলতবি করে এজলাস থেকে নেমে যান।
বেলা দেড়টার দিকে বিচারক আবার এজলাসে ওঠেন। তখন আসামিপক্ষে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন আদালতকে বলেন, খালেদা জিয়া নিরাপত্তাহীনতার কারণে আদালতে আসতে পারেননি। এ কারণে তাঁর পক্ষে সময়ের আবেদন করা হয়। এ ছাড়া এই মামলায় গত ১৯ মার্চ খালেদাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলেও তা আইনানুগভাবে হয়নি। এ বিষয়ে উচ্চ আদালতে দুটি আবেদন করা হয়েছে। তা শুনানির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাক্ষ্য গ্রহণ মুলতবি রাখার আবেদন করা হলে আদালত সাক্ষ্য গ্রহণের আদেশ দেন। এই সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী নন এমন ব্যক্তি আসামিপক্ষের আইনজীবীদের ওপর চড়াও হন। আসামিপক্ষের আইনজীবী হোসেন আলী খানের ওপর হামলা করে তাঁর গাউন ছিঁড়ে ফেলা হয়।
আইনজীবী মাহবুব উদ্দিন বলেন, হামলাকারী ব্যক্তিকে গ্রেপ্তার করে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য একটি আবেদন করা হয়েছে। ওই আবেদনের ওপর সিদ্ধান্ত না নেওয়া হলে তিনি আর এই আদালতে মামলা পরিচালনা করতে আসবেন না।
এ সময় দুদকের আইনজীবী মোশাররফ হোসেন এর বিরোধিতা করে বলেন, ‘মিথ্যা কথা বলবেন না। আদালতে কে কী করেছে আদালত তা দেখেছেন।’ তিনি আরও বলেন, যার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে তিনি দুদকের আইনজীবী শাহ মোহাম্মদ আশরাফুল হকের সহকারী, শিক্ষানবিশ আইনজীবী। শুনানিকালে আশরাফুল হকের ওপর আসামিপক্ষের আইনজীবীরা চড়াও হলে শিক্ষানবিশ ইমরান হাসান এগিয়ে গেলে তাঁকে লাঞ্ছিত করা হয়। তাঁর শার্টের বোতাম ছিঁড়ে ফেলা হয়েছে।
বিচারক উভয় পক্ষের আইনজীবীদের মামলার কার্যক্রম মুলতবি করার কথা জানিয়ে বলেন, আদালতের ভাবমূর্তি রক্ষায় মামলা পরিচালনা করার জন্য ক্ষমতাপ্রাপ্ত বা নিয়োজিত আইনজীবীরাই আদালতে উপস্থিত থাকবেন। আদালত আসামিপক্ষকে ওই দিন উচ্চ আদালতের আদেশ দাখিল করার আদেশ দেন।
পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসার মাঠে নির্মিত অস্থায়ী ভবনে স্থাপিত বিশেষ এজলাসে এই মামলা দুটির বিচার কাজ চলছে।
আসামিপক্ষে শুনানিতে আরও অংশ নেন খন্দকার মাহবুব হোসেন, জয়নাল আবেদিন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, ইকবাল হোসেন, হাসান আলী খান প্রমুখ। দুদকের কৌঁসুলি মোশাররফ হোসেনকে সহায়তা করেন শাহীন আহমেদ খান, কবীর হোসেন, হুমায়ূন পাঠান ও রেজাঊল হক।
জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আর জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে দুদকের করা অপর মামলাটি করা হয়েছিল ২০১১ সালের ৮ আগস্ট। চলতি বছরের ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৩ এই দুটি মামলার অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়ার পক্ষে পৃথক চারটি আবেদন করা হয়। এর দুটি ২৩ এপ্রিল আপিল বিভাগ খারিজ করে দেন।