আইনজীবীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা-বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ওরফে বাবুলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার ফরিদপুর শহরে মানববন্ধন হয়েছে।
জেলা আইনজীবী সমিতি ওই কর্মসূচির আয়োজন করে। সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত আইনজীবী সমিতি ভবনের সামনের সড়কে মানববন্ধন করা হয়। পরে জেলা আইনজীবী সমিতি তাদের কার্যালয়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত আন্দোলন কর্মসূচি ঘোষণা করে। এর মধ্যে রয়েছে প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত আদালত বর্জন এবং সকাল ১০টা থেকে সোয়া ১০টা পর্যন্ত আদালত চত্বর এলাকায় মানববন্ধন। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আসাদুর রহমান খান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সদস্য সুবল চন্দ্র সাহা, সৈয়দ মোদাররেছ আলী প্রমুখ।
গত বুধবার রাতে সন্ত্রাসীরা বদিউজ্জামানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তিনি বর্তমানে ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদপুরে কোতোয়ালি থানার ওসি নাজিমউদ্দিন আহমেদ বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।