আইনজীবীর করা মামলায় তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সমন
চট্টগ্রামে থানায় অবৈধভাবে আটকে রেখে নির্যাতন ও অপহরণের অভিযোগে নগরের পাঁচলাইশ থানার তিন পুলিশ কর্মকর্তাসহ মোট আটজনের বিরুদ্ধে মামলা করেছেন চট্টগ্রাম আদালতের এক আইনজীবী। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাসানুল ইসলামের আদালতে মামলাটি করেন আইনজীবী মো. নুরুল আলম। আদালত অভিযোগ আমলে নিয়ে তিন পুলিশ কর্মকর্তাকে আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে হাজির হতে সমন জারি করেছেন। অন্য পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই মামলার আসামি তিন পুলিশ কর্মকর্তা হলেন: পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ, পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান ও উপপরিদর্শক মাসুদ পারভেজ। মামলার অন্য পাঁচ আসামি হলেন: গুলজার হোসেন, বেলাল, বশির, মো. ইউসুফ ও সুজন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘২৪ জানুয়ারি আইনজীবী নুরুল আলমকে নগরের লালদীঘির পাড় থেকে অপহরণ করে কয়েকজন ব্যক্তি। পরে তাঁকে আন্দরকিল্লা এলাকায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাঁকে ২৫ জানুয়ারি রাত পর্যন্ত থানাহাজতে আটকে রেখে শারীরিক নির্যাতন করে।’ গত রোববার আইনজীবী সমিতির সাধারণ সভায় এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।মামলার অভিযোগে বলা হয়, ২৪ জানুয়ারি পাঁচলাইশ থানার একটি হত্যা মামলার এক আসামির রিমান্ডের আবেদন করেন এসআই মাসুদ পারভেজ। ওই মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে নুরুল আলম এই আবেদনের বিরোধিতা করে আসামির জামিন আবেদন করেন। এতে পাঁচ আসামি গুলজার, বেলাল, বশির, ইউসুফ ও সুজন ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন বিকেলে নুরুল আলমকে লালদীঘির পাড় এলাকার একটি হোটেল থেকে একটি মাইক্রোবাসে করে জোরপূর্বক তুলে নিয়ে যান।এ বিষয়ে ওসি প্রদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, ‘ওই হত্যা মামলার আসামি জানিয়েছিলেন, ঘটনার সঙ্গে নুরুল আলমও জড়িত। বিষয়টি যাচাই করতে তাঁকে থানায় আনা হয়েছিল। তাঁর কাছে অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। কিন্তু এতে তিনি অপমানিত বোধ করে মামলা করেছেন।’গতকাল আদালতে করা মামলায় আরও অভিযোগ করা হয়, ২৪ জানুয়ারি বিকেলে আন্দরকিল্লা এলাকায় এসআই মাসুদ পারভেজের হাতে নুরুল আলমকে তুলে দেওয়া হয়। থানায় নিয়ে যাওয়ার পর নুরুল আলম বিষয়টি ওসি ও পরিদর্শককে (তদন্ত) জানান। ওই দুই পুলিশ কর্মকর্তা নুরুল আলমের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অসম্মতি জানানোয় তাঁকে ২৫ জানুয়ারি রাত পর্যন্ত আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন করা হয়। মামলায় ২১ জন সাক্ষীর মধ্যে ১৪ জনই আইনজীবী।