আইনজীবীর কাছে এসে প্রতারিত!
ভুয়া মামলা দেখিয়ে নাটোর জেলা আইনজীবী সমিতির সদস্য আইনাল হক এক নারীর ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ ব্যাপারে আইনজীবী আইনাল হকের বিরুদ্ধে জেলা আইনজীবী সমিতির কাছে প্রতারণার শিকার ওই নারী লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, জেলার গুরুদাসপুর উপজেলার আলীপুর গ্রামের আনোয়ারা বেওয়া প্রায় ১০ মাস আগে নাটোর আদালতে আসেন পৈতৃক জমির ভাগ-বাটোয়ারা নিয়ে মামলা করার জন্য। আইনজীবী আইনাল হক দেওয়ানি মামলাটি আদালতে দাখিলের কথা বলে ওই নারীর কাছ থেকে প্রথমে ছয় হাজার টাকা এবং পর্যায়ক্রমে মোট ৫০ হাজার টাকা নেন। কিছুদিন পর তিনি আনোয়ারাকে একটি মামলার (নম্বর-৩৪/১২ অ.প্র.) আরজির ছায়ালীপি দেন। সর্বশেষ গত ২৬ আগস্ট মামলাটির শুনানি হবে বলে ওই নারীকে জানানো হয়।রফিকুল ইসলাম নামের এক আত্মীয়কে নিয়ে মামলার বাদী আনোয়ারা ওই দিন আদালতে এসে খোঁজ নিয়ে জানতে পারেন, তাঁদের মামলাটি (৩৪/১২ অ.প্র.) আদালতের কার্যতালিকায় (কজলিস্ট) নেই। তাঁরা আদালতের পেশকারের কাছে মামলার ছায়ালীপিটি দেখান। তাঁরা জানতে পারেন, মামলাটি তাঁদের দায়ের করা মামলা নয়। পরে আনোয়ারা ঘটনাটি তাৎক্ষণিকভাবে আইনজীবী আইনাল হককে জানালে তিনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে আদালত থেকে সটকে পড়েন।আনোয়ারা বেওয়া বলেন, ‘আমি একজন দরিদ্র বিধবা। ধার-দেনা করে এ পর্যন্ত ওই আইনজীবীকে ৫০ হাজার টাকা দিয়েছি। এখন দেখছি আমার মামলা দায়ের করাই হয়নি। অন্যের করা মামলার কাগজ দেখিয়ে ১০ মাস ধরে আমাকে ঘোরানো হয়েছে। ওই আইনজীবীর বিচার করা না হলে আমি আদালতে তাঁর বিরুদ্ধে মামলা করব।’অভিযোগ অস্বীকার করে আইনজীবী আইনাল হক বলেন, ‘মামলাটি লেখা হয়েছে। তবে আদালতে দাখিল করা হয়নি।’ ৫০ হাজার টাকা নেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘এত টাকা নেওয়ার কথাও ঠিক না। যা খরচ হয়েছে, তা-ই নিয়েছি।’