আইনজীবীর ঢালাও মন্তব্যে প্রেসক্লাবের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি হাইকোর্টের একটি বিশেষ মামলার শুনানিকালে সাংবাদিক ও গণমাধ্যম সম্পর্কে বিষোদগার করে কোনো কোনো আইনজীবীর ঢালাও মন্তব্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আদালতে তলব এবং প্রথম আলো, সমকাল ও নয়াদিগন্ত পত্রিকার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে প্রেসক্লাবের এই দুই নেতা উদ্ভূত পরিস্থিতির একটি সম্মানজনক সুরাহার জন্য প্রধান বিচারপতির আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

বিবৃতিতে প্রেসক্লাবের নেতারা বলেন, বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিক সমাজ সব সময় বলিষ্ঠ ভূমিকা পালন করেছে এবং এখনো করছে।  কোনো সুনির্দিষ্ট অভিযোগে গণমাধ্যম সম্পর্কিত কোনো ব্যক্তির বিরুদ্ধে আইন তার নিয়মানুযায়ী চলবে, তা নিয়ে কোনো মতভিন্নতা নেই। গণমাধ্যমের কোনো প্রতিবেদন, সম্পাদকীয়, উপসম্পাদকীয় কিংবা বিশেষ কোনো লেখার ব্যাখ্যা-বিশ্লেষণে কেউ আহত হলে সেটি যে উদ্দেশ্যমূলকভাবেই করা হয়েছে, এমন মনে করা বা এ জন্য ঢালাও মন্তব্য করা ঠিক নয়।

বিবৃতিতে তাঁরা বলেন, হাইকোর্টে প্রথম আলোর বিরুদ্ধে একটি মামলার শুনানিকালে সাংবাদিকদের সততা নিয়ে কোনো কোনো আইনজীবী ঢালাওভাবে অসত্য অভিযোগ এনে গণমাধ্যমকে হেয় করার একটি অপচেষ্টা করেছেন। এ ধরনের তৎপরতা গণমাধ্যম ও বিচার বিভাগকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা বলে মন্তব্য করে নেতারা সংশ্লিষ্ট মহলকে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।