চট্টগ্রাম আদালতে দায়ের হওয়া একটি নালিশি মামলায় আইনজীবীর নাম, স্বাক্ষর ও সিল জাল-জালিয়াতি করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এমনকি আইনজীবী মামলার বাদীকে চেনেনও না। বিষয়টি তদন্ত শুরু করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।
পাশাপাশি আইনজীবীরা লিখিতভাবে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বিচারককে। এ ঘটনায় আদালতপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চট্টগ্রাম নগরের ওআর নিজাম রোড এলাকায় বিরোধপূর্ণ জায়গায় বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণে স্থান দখল করতে ভয়ভীতি প্রদর্শন ও জবরদখলের অভিযোগে সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের বিরুদ্ধে গত সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম আহমেদ সাঈদের আদালতে মামলাটি দায়ের করেন নজরুল ইসলাম নামের এক ব্যক্তি।
এ মামলায় বাদীর আইনজীবী হিসেবে ওকালতনামায় স্বাক্ষর ও সিল রয়েছে আইনজীবী গোবিন্দ নারায়ণ রায়, সুসেন কান্তি দাশ ও নুরুল আলমের। আরজিতে সুসেন কান্তি দাশের স্বাক্ষর ও সিল রয়েছে। কিন্তু গোবিন্দ নারায়ণ রায় ও সুসেন কান্তি দাশ প্রথম আলোর কাছে দাবি করেন, মহিউদ্দিন চৌধুরীসহ বাকিদের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদীকে তাঁরা চেনেন না।
এ-সংক্রান্ত কোনো মামলার আরজি ও ওকালতনামায় তাঁরা স্বাক্ষর করেননি। মামলায় বাদীর পক্ষে তাঁদের নাম দেখার পর তাঁরা বিষয়টি লিখিতভাবে আদালতকে জানিয়েছেন। পাশাপাশি আইনজীবী সমিতির কাছে দায়ীদের শনাক্তের জন্য আবেদন করেছেন।
জানতে চাইলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় বাদীর পক্ষে থাকা তিন আইনজীবীর মধ্যে দুই আইনজীবী অভিযোগ করেছেন, তাঁরা এ মামলা পরিচালনা করেননি।
আরজিতে থাকা স্বাক্ষর ও সিল তাঁদের নয়। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। নুরুল আলমের সঙ্গেও কথা বলার চেষ্টা করছি।’
বাদীর পক্ষে আইনজীবী কারা ছিলেন, সে প্রশ্নের উত্তর জানতে একাধিকবার যোগাযোগ করেও বাদী নজরুল ইসলামের মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি। তবে গত সোমবার তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, তাঁর আইনজীবীর নাম ইউনুস মিয়া।