আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাল আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম আদালতের আইনজীবী জাহাঙ্গীর চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
গতকাল রোববার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম শাহজাহান কবির ওই আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) আবিদ হোসেন জানান, ১৯৯৮ সালের ১৪ জানুয়ারি ভারত থেকে আমদানি করা ১১ হাজার ১৯৬ টন চাল নিয়ে রাশিয়া যাচ্ছিল সে দেশের একটি জাহাজ। কিন্তু সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ায় জাহাজটি তখন বাংলাদেশ জলসীমায় ঢুকে পড়ে। জাহাজটি আটকের পর রাশিয়ার আমদানিকারক প্রতিষ্ঠান চট্টগ্রামের একটি আদালতে চালগুলো খালাস করে বাংলাদেশে রাখার আবেদন জানান। আদালত চালগুলো সংরক্ষণের জন্য আইনজীবী জাহাঙ্গীর চৌধুরীকে জিম্মাদার হিসেবে নিয়োগ দেন। আদালতের আদেশে ১৯৯৮ সালের ১৪ মে জাহাঙ্গীর চৌধুরী চালগুলো আমদানিকারকের প্রতিনিধিকে বুঝিয়ে দেন। সেখানে ১৭৪ টন চাল কম ছিল, যা তদন্তে প্রমাণিত হয়।