চাঁদপুরের হাজীগঞ্জে মো. শামছুল আলম ওরফে জাহাঙ্গীর (৪৫) নামের এক আইনজীবীর তোপের মুখে তাঁর দুই ভাইয়ের পরিবার এলাকাছাড়া। তিনি একটি বহুমুখী সমবায় সমিতির ১০ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ রয়েছে। এসব ঘটনায় ওই আইনজীবীর বিরুদ্ধে চাঁদপুর আদালতে দুটি মামলা হয়েছে। শামছুল চাঁদপুর জজ আদালতের আইনজীবী। বাড়ি হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের আহম্মদপুর গ্রামে। শামছুলের বিরুদ্ধে তাঁর বড় ভাই কে এস এম সালেহ আহম্মেদের ঘর বিক্রি, লুটপাট, গাছপালা ও পুকুরের মাছ বিক্রির অভিযোগ রয়েছে। এসব ঘটনায় বাড়ির তত্ত্বাবধায়ক গাজী অলি উল্লাহ বাদী হয়ে ১৫ অক্টোবর চাঁদপুর নির্বাহী হাকিম আদালতে শামছুলের নামে একটি মামলা করেন। এ ছাড়া চাঁদপুরের আল-নূর বহুমুখী সমবায় সমিতির ১০ লাখ ১৩ হাজার ৫১০ টাকা আত্মসাতের অভিযোগে কোষাধ্যক্ষ মো. মোখলেছুর রহমান পাটওয়ারী বাদী হয়ে একই আদালতে ২৯ আগস্ট একটি মামলা করেন। হাজীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, আল-নূর বহুমুখী সমবায় সমিতির করা মামলায় শামছুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সম্প্রতি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। শামছুল ওই টাকা পরিশোধ করবেন শর্তে তাৎক্ষণিক আদালত থেকে জামিন পান। স্থানীয় সূত্রে জানা গেছে, আইনজীবী শামছুল তাঁর মা ফাতেমা বেগমের নামে থাকা ৩৫ শতক জমি তিন বছর আগে নিজের নামে নিবন্ধন করে নেন। এর পর থেকে দুই ভাইয়ের মধ্যে বিরোধ শুরু হয়। ফাতেমা বেগম বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘শামছুলকে জমি দেওয়ার পর আমার ছেলেমেয়েদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।’ শামছুলের বড় ভাই সালেহ আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘শামছুল ও তাঁর সন্ত্রাসী বাহিনীর কারণে আমি এলাকায় যেতে পারি না। সম্পত্তি নিয়ে বিরোধে সে আমাদের বড় ভাই কাজী নূরুল ইসলামের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এরপর ভাই ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে মারা যান। শামছুলের অত্যাচারে ভাবি জুলেখা বেগম এখন বাবার বাড়িতে থাকেন। তার অত্যাচার-নির্যাতন থেকে আমার চার বোনও রেহাই পাচ্ছে না।’ আল-নূর বহুমুখী সমবায় সমিতির টাকা আত্মসাতের মামলার বাদী শামছুলের ছোট ভগ্নিপতি মো. মোখলেছুর রহমান পাটওয়ারী। তিনি জানান, শামছুল সমিতির সাধারণ পদে থেকে গ্রাহকের স্থায়ী আমানত (এফডিআর), মাসিক সঞ্চয় (ডিপিএস) ও সঞ্চয়ী হিসাব থেকে টাকা উঠিয়ে বাড়িতে বাসভবন নির্মাণ করছেন। গ্রাহকেরা টাকা ফেরত চাইলে তিনি তাঁদেরকে বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দেন। ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থানীয় সদস্য লালু সর্দার বলেন, ‘ওই দুই ভাইয়ের সমস্যা নিয়ে এলাকায় একাধিকবার সালিস হয়েছে। সর্বশেষ বৈঠকে আমি সভাপতিত্ব করেছি। সেই বৈঠকের কাগজপত্র আমার কাছে আছে। তাঁরা চাইলে আমরা সমাধান করে দেব।’ শামছুল তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মা স্বেচ্ছায় আমাকে ৩৫ শতক জমি দলিল করে দিয়েছেন। আমার ভাইয়ের (সালেহ) কারণে সমস্যার সমাধান হচ্ছে না। তিনি এলাকায় গুন্ডাপান্ডা ঠিক করে আমাকে বাড়িছাড়া করার পাঁয়তারা করছেন।’ তিনি দাবি করে বলেন, ২০১১ সালের সেপ্টেম্বর মাসে ওই সমিতির সর্বশেষ নিরীক্ষা হয়েছে। এর পর থেকে সমিতির কার্যক্রমে আমি জড়িত নেই এবং সমিতি আমার কাছে এক টাকাও পাবে না।