জয়পুরহাটে আদালত চলাকালে এক আইনজীবীর মুঠোফোন বেজে উঠলে কর্তব্যরত বিচারক পুলিশ দিয়ে মুঠোফোনটি জব্দ করেন। ঘটনাটি সাধারণ আইনজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। প্রতিবাদে জেলা আইনজীবী সমিতি ওই বিচারককে প্রত্যাহার না করা পর্যন্ত আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।জয়পুরহাট জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, সমিতির সদস্য সুশান্ত কুমার মহন্ত ১০ জুলাই দুপুর ১২টার দিকে জয়পুরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে একটি মামলার শুনানির জন্য বসেছিলেন। তাঁর মুঠোফোন বন্ধ না থাকায় হঠাৎ সেটি বেজে ওঠে। এ ঘটনায় তাৎক্ষণিক আদালতের বিচারক কুমার শিপন মোদক আদালতে কর্তব্যরত পুলিশ দিয়ে ওই আইনজীবীর মুঠোফোনটি জব্দ করেন।সুশান্ত কুমার মহন্ত এ ঘটনায় জেলা আইনজীবী সমিতিকে বিষয়টি লিখিতভাবে জানান। জেলা আইনজীবী সমিতি গতকাল বুধবার সকাল ১০টায় আইনজীবী সমিতির ভবনে জরুরি সাধারণ সভা আহ্বান করে। জেলা আইনজীবী সমিতির সভাপতি মতিয়োর রহমানের সভাপতিত্বে বিচারক কুমার শিপন মোদককে প্রত্যাহার না করা পর্যন্ত আইনজীবীরা মামলা পরিচালনা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেন।এ বিষয়ে টেলিফোনে যোগাযোগ করা হলে বিচারক কুমার শিপন মোদক কথা বলতে অস্বীকৃতি জানান।