আইনজীবীর লাশ দাফন, বিক্ষোভ সমাবেশ আজ
মুন্সিগঞ্জের আইনজীবী কাজী ওবায়দুল ইসলামের লাশ ময়নাতদন্ত শেষে গতকাল সোমবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাতে জানাজা শেষে ইদ্রাকপুরে পারিবারিক কবরস্থানে ওবায়দুলের লাশ দাফন করা হয়।
গত রোববার সন্ধ্যায় ওবায়দুলের মৃতদেহ সিলেট থেকে মুন্সিগঞ্জ শহরের ইদ্রাকপুর এলাকার বাড়িতে পৌঁছায়। এ সময় স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। সহকর্মী আইনজীবীরা তাঁর বাড়িতে ভিড় করেন।
গত ২৮ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ থেকে কিশোরগঞ্জের গৌরাঙ্গবাজার এলাকায় বোনের বাড়িতে যাওয়ার পথে ওবায়দুল ইসলাম নিখোঁজ হন। পরদিন সিলেট রেলস্টেশনে তাঁর লাশ পাওয়া যায়। কিন্তু হত্যাকাণ্ডে জড়িত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ওবায়দুল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. নজরুল ইসলাম গতকাল প্রথম আলোকে জানান, এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মুন্সিগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ আলম বলেন, ‘আমাদের সিনিয়র আইনজীবীকে হত্যায় আমরা গভীর শোকাহত। হত্যার প্রতিবাদে মঙ্গলবার (আজ) সকালে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করা হবে।’