আইনজীবীর সহযোগী পরিচয় দিয়ে প্রতারণা, এক যুবককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আইনজীবীর সহযোগী পরিচয় দিয়ে প্রতারণা করার দায়ে রাজীব দে নামের এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গতকাল সোমবার এ রায় দেন।আদালত সূত্র জানায়, রাজীব চট্টগ্রাম আদালত ভবনে বিচারপ্রার্থী লোকজনের কাছে আইনজীবীর সহযোগী পরিচয় দিয়ে তাদের কাছ থেকে অর্থ আদায় করে আসছিলেন। এ কারণে ২০০৯ সালের ২৪ নভেম্বর স্থানীয় আইনজীবীরা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে আইনজীবী সমিতির তৎ কালীন সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে মামলা করেন।আদালত সূত্র জানায়, রাজীবের বিরুদ্ধে গত বছরের ৬ এপ্রিল অভিযোগপত্র দাখিল করা হয়। একই বছরের ২২ জুলাই অভিযোগ গঠন করা হয়। গতকাল মামলার বাদী জিয়াউদ্দিন আদালতে সাক্ষ্য দেন। আসামি রাজীব তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য বলে স্বীকার করে আদালতে বলেন, ‘আমি একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করি। প্রয়োজন ছাড়া আমি কখনো আদালতে যাব না। আমাকে ক্ষমা করে দিন।’ আদালত আসামির বক্তব্য শুনে জরিমানার আদেশ দেন।