আইনজীবীর স্বাক্ষর আছে, প্রার্থীরটাই নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনজীবীদের মাধ্যমে মনোনয়নপত্র পূরণ করা হলেও তাঁদের অবহেলাতেই এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভায় সংরক্ষিত আসনের এক কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্রটি বাতিল হয়েছে।
শাহজাদপুর উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শাহজাদপুর পৌরসভায় সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থী শারমিন নাহার ওরফে সাথীর মনোনয়নপত্রের হলফনামায় প্রার্থীর স্বাক্ষর ছিল না। অথচ আইনজীবী ঠিকই স্বাক্ষর করেছিলেন। সূত্রটি আরও জানায়, যদি আইনজীবী মনোনয়নপত্র ফরমটি পূরণ শেষে প্রার্থীর স্বাক্ষরের স্থানগুলো সঠিকভাবে পর্যবেক্ষণ করার পর নিজে স্বাক্ষর করতেন, তাহলে এমন হতো না।
শারমিন নাহার গতকাল সোমবার রাতে মুঠোফোনে বলেন, আমার ভুলের কারণেই এমনটি হয়েছে। আমি আপিল করেছি। আপিলে আমার আবেদন বিবেচনা করে গ্রহণ করা হলে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।
পৌরসভার রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রহিম বলেন, মনোনয়নপত্র ফরম পূরণ করা কঠিন কোনো কাজ নয়। প্রার্থীরা মনোনয়নপত্র ফরম পূরণে একটু সচেতন থাকলে এ ধরনের ভুল হতো না। হলফনামায় আইনজীবী স্বাক্ষর করলেও প্রার্থী স্বাক্ষর করেননি। যে কারণে মনোনয়নপত্রটি বাতিল হয়ে যায়।