আইনজীবীরা আন্তরিক হলে মামলা দ্রুত নিষ্পত্তি সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হক বলেছেন, বিচারক এবং আইনজীবীরা আন্তরিক হলে মামলা দ্রুত নিষ্পত্তি সম্ভব। গতকাল বুধবার বরিশালে আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বেলা দুইটায় ওই মতবিনিময় সভা হয়। আওয়ামী লীগ সমর্থকসহ সমমনা আইনজীবীরা সভায় অংশ নিলেও অনুষ্ঠান বর্জন করেন জাতীয়তাবাদী আইনজীবী সমর্থকেরা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা দেশের প্রতিটি নাগরিকের রয়েছে। এ জন্য গতানুগতিক ধারার মামলা মুলতবি থেকে বেরিয়ে আসতে হবে। ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলার বিচারকাজ বিলম্বিত করা যাবে না। বিশেষ (স্পেশাল) আদালতে মামলার সংখ্যা কম থাকে। ওই আদালতে মামলা স্থানান্তর করে দ্রুত নিষ্পত্তি করা যেতে পারে। তিনি বলেন, মামলার স্বার্থে বিচারকদের সঙ্গে আইনজীবীদেরও সম্পর্ক রাখতে হবে। তবে সেটা নেতিবাচক কাজের জন্য নয়। আর যে পরিমাণ মামলা বিচারাধীন রয়েছে, সেই অনুপাতে বিচারক নেই। বিচারক এবং আদালত-সংকট রয়েছে এটা ঠিক, তার পরও পারিবারিক আদালতের মামলা ৯০ ভাগ দ্রুত নিষ্পত্তি হচ্ছে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ মো. আনোয়ারুল হক, জেলা প্রশাসক মো. শহীদুল আলম। এর আগে বরিশালের বিভিন্ন আদালতের কার্যক্রম পরিদর্শন করেন প্রধান বিচারপতি।