সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের খসড়া ফাঁসের মামলায় তাঁর আইনজীবীসহ পাঁচ আসামির বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা হয়েছে। অন্য দুই আসামি সাকা চৌধুরীর স্ত্রী ও ছেলে খালাস পেয়েছেন।
বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম আজ বৃহস্পতিবার এই রায় দেন।
পরে ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মামলায় সাত আসামির মধ্যে পাঁচজনের জেল-জরিমানা হয়েছে। সাকা চৌধুরীর স্ত্রী ও ছেলে খালাস পেয়েছেন।
আদালত সূত্র জানায়, দণ্ড পাওয়া পাঁচ আসামির মধ্যে সাকা চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামের ১০ বছর কারাদণ্ড হয়েছে। একই সঙ্গে তাঁকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ড পাওয়া বাকি চার আসামির প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এই চারজন হলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিস সহকারী (সাঁটলিপিকার) ফারুক হোসেন, পরিচ্ছন্নতাকর্মী নয়ন আলী, সাকা চৌধুরীর ম্যানেজার এ কে এম মাহবুবুল হাসান ও আইনজীবী ফখরুলের সহকারী মেহেদী হাসান। তাঁদের মধ্যে মেহেদী হাসান পলাতক রয়েছেন। অন্যরা কারাগারে।
খালাস পেয়েছেন সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও ছেলে হুম্মাম কাদের চৌধুরী।
মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালের ১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেদিন সকালে সাকা চৌধুরীর স্ত্রী, পরিবারের সদস্য ও আইনজীবীরা এই রায় ফাঁসের অভিযোগ তোলেন। তাঁরা রায়ের ‘খসড়া কপি’ সংবাদকর্মীদের দেখান। এ ঘটনায় পরদিন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ এ ঘটনায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে মামলা করে।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত শেষে ২০১৪ সালের ২৮ আগস্ট সাকা চৌধুরীর স্ত্রী, ছেলে, আইনজীবী ফখরুলসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি এই মামলার অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু করেন আদালত। আজ রায় ঘোষণা করা হলো।
মানবতাবিরোধী অপরাধের মামলার চূড়ান্ত নিষ্পত্তি শেষে গত বছরের ২১ নভেম্বর রাতে সাকা চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।